Published : 02 Aug 2026, 09:19 PM
চট্টগ্রামের মীরসরাইয়ে মাছবাহী পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
রোববার উপজেলার জোরারগঞ্জ থানার পুরাতন মহাসড়কের চৌধুরীহাট এলাকার সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— জহির উদ্দিন (৫০) ও জয়নাল আবেদীন (৩৮) । তারা উপজেলার মঘাদিয়া ইউনিয়নের দরগাপাড়া কালাপীর শাহ জামে মসজিদের ইমাম ও মুয়াজ্জিন বলে বলে স্থানীয়রা বলেছেন।
জহির উদ্দিনের বাড়ি মঘাদিয়া ইউনিয়নে; আর জয়নালের বাড়ি ইছাপুর ইউনিয়নে।
জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল হালিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জহির ও জয়নাল মোটরসাইকেলে করে বারইয়ারহাট বাজারে যাচ্ছিলেন। পথে তারা বাইক থামালে বিপরীত দিক থেকে আসা মাছবাহী পিকআপ তাদের ধাক্কা দিয়ে চলে যায়।
"স্থানীয় লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।"
পিকাপটি শনাক্ত করতে ও চালককে আটক করতে পুলিশ কাজ করছে বলে জানান ওসি হালিম।