Published : 20 Apr 2026, 08:51 PM
চট্টগ্রাম বন্দরে আসা তেলবাহী পাঁচ জাহাজের মধ্যে দুটি থেকে খালাস শুরু হয়েছে।
এক লাখ ৬৯ হাজার টন পরিশোধিত ডিজেল ও অকটেন নিয়ে এসব জাহাজ সম্প্রতি বন্দরের জলসীমায় আসে।
এর মধ্যে বন্দরের ডলফিন জেটিতে দুটি জাহাজ থেকে চলছে ডিজেল খালাস। সোমবার বাকি তিনটি জাহাজের বন্দরের জলসীমায় পৌঁছার তথ্য দিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের সহকারী ব্যবস্থাপক (গণসংযোগ) ফারজিন হাসান মৌমিতা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ডলফিন জেটিতে ‘এমটি ওক ট্রি’ ও ‘এমটি কেপ বনি’ থেকে ডিজেল খালাস চলছে। জাহাজ দুটি মালয়েশিয়া থেকে যথাক্রমে ৩৫ হাজার ও ৩৩ হাজার টন ডিজেল নিয়ে বাংলাদেশে আসে।
এছাড়া ৪১ হাজার টন ডিজেল নিয়ে ‘এমটি লিয়ান সং হু’, ৩৩ হাজার টন ডিজেল নিয়ে ‘এমটি প্যাসিফিক ইন্ডিগো এবং ২৭ হাজার টন পরিশোধিত অকটেন নিয়ে ‘এমটি নেইভ সিয়েলো‘ জাহাজ বন্দরের জলসীমায় এসেছে।
বিপিসির কর্মকর্তারা বলছেন, জাহাজগুলো থেকে দ্রুত তেল খালাস করা হবে।