১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চিটাগাং চেম্বারের ভোট ২৩ মে

এবার টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপের মোট ছয়জন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2026, 11:59 AM

Updated : 26 Aug 2026, 03:38 PM

দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচন ২৩ মে অনুষ্ঠিত হবে। 

চেম্বারের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান, চট্টগ্রামে স্থানীয় সরকার বিভাগের পরিচালক মনোয়ারা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সোমবার রাতে বিষয়টি সংবামাধ্যমকে জানানো হয়। 

এতে বলা হয়, ২৩ মে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। 

দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) অর্ডিনারি (সাধারণ) ও অ্যাসোসিয়েট (সহযোগী) গ্রুপের ১৮টি পরিচালক পদে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। 

এর আগে ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর সিসিসিআইয়ের পুরো পরিচালনা পরিষদ পদত্যাগ করেছিল। এরপর তিন দফায় তিনজন প্রশাসক বসানো হয়।

এরপর গত বছরের ১ নভেম্বর ভোটগ্রহণে তফসিল ঘোষণা করা হলেও একাধিক রিট আবেদন ও সালিসি আদালতের সিদ্ধান্তে নির্বাচন একাধিকবার স্থগিত হয়েছিল। 

চট্টগ্রাম চেম্বারে ব্যবসায়ীদের ভোটে ১২ জন সাধারণ শ্রেণীতে এবং ৬ জন সহযোগী শ্রেণীতে পরিচালক নির্বাচিত হয়ে থাকেন। এছাড়া টাউন অ্যাসোসিয়েশনে তিনজন ও ট্রেড গ্রুপ শ্রেণী থেকে তিনজন পরিচালক নির্বাচিত হওয়ার সুযোগ রয়েছে। আর পরিচালকদের ভোটে নির্বাচিত হয়ে থাকে সভাপতি ও দুজন সহ-সভাপতি। 

এবার টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপের মোট ছয়জন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। 

এবারের সিসিসিআই নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। প্যানেল দুটি হলো-এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক আমিরুল হকের নেতৃত্বাধীন ইউনাইটেড বিজনেস ফোরাম এবং অন্যটি সিসিসিআইয়ের সাবেক সিনিয়র সহ-সভাপতি এস এম নুরুল হকের নেতৃত্বাধীন সমমনা পরিষদ।