১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে খালাত বোনের বাড়ির উঠানে পড়ে ছিল ‘মানসিক ভারসাম্যহীন’ ব্যক্তির লাশ

“ধারণা করছি, উঠানে পিছলে পড়ে মুখে আঘাত পেয়ে তার মৃত্যু হয়েছে। উঠানে পিছলে পরার দাগও আছে।”

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2026, 09:52 PM

Updated : 11 Sep 2026, 03:25 PM

চট্টগ্রামের রাউজানে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে তার খালাত বোনের বাড়ির সামনে থেকে।

মঙ্গলবার রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের একটি বাড়ির উঠান থেকে লাশটি উদ্ধার করা হয়। 

উদ্ধার করা লাশটি মো. রাশেদ নামে ৪৫ বছর বয়সি এক ব্যক্তির। তার বাড়ি ফটিকছড়ি উপজেলার নানুপুর ইউনিয়নে। 

পরিবারের বরাতে পুলিশ বলছে, রাশেদ ‘মানসিক ভারসাম্যহীন’ ছিলেন। সোমবার গভীর রাতে খালাত বোনের বাড়িতে গিয়ে তিনি ডাকাডাকি করছিলেন। কিন্তু ভেতর থেকে কেউ দরজা খোলেনি। 

রাউজান থানার ওসি সাইফুল ইসলাম বলেন, “ধারণা করছি, উঠানে পিছলে পড়ে মুখে আঘাত পেয়ে তার মৃত্যু হয়েছে। উঠানে পিছলে পরার দাগও আছে।” 

ওসি বলেন, পাঁচ/ছয় বছর আগে স্ত্রী মারা যাওয়ার পর থেকে রাশেদ ‘কিছুটা মানসিক ভারসাম্যহীন’। 

“তিনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন। খালার বাড়িতে যাওয়ার কথা বলে সোমবার সকালে তিনি ফটিকছড়ির নিজ বাড়ি থেকে বের হন। তার মা বিষয়টি রাতে রাশেদের খালুকে ফোনে জানান। কিন্তু রাশেদের খালু বাড়ি ছিলেন না। 

“রাতে রাশেদ খালার বাড়িতে না গিয়ে পাশে খালাত বোনের বাড়িতে গিয়ে ডাকাডাকি করেন। কিন্তু ওই বাড়িতে তার খালাত বোন ও তার ভাসুরের বউ ছাড়া কোনো পুরুষ না থাকায় তারা দরজা খোলেননি। স্থানীয় লোকজন সকালে লাশ দেখে পুলিশকে ফোন করে।”