নাগরদোলাসহ নানা আয়োজনে বিদ্যানন্দের ঈদ উৎসব
বিনোদনের পাশাপাশি করা হয়েছে খাবারের আয়োজন।
মাঠের সামিয়ানা টানানো বড় প্যান্ডেলে সারি সারি চেয়ার-টেবিলে চলছে খাওয়া দাওয়া; পাশে খোলা জায়গায় নাগরদোলাসহ বিভিন্ন ধরনের খেলার আয়োজন। ছোট ছোট শিশুরা লাইন ধরে উঠে চড়ছে নাগরদোলায়, করছে দৌড়াদৌড়ি।
চট্টগ্রাম নগরীর ষোলশহর বিপ্লব উদ্যানের দৃশ্য এটি; যেখানে সুবিধা বঞ্চিতদের জন্য ‘ঈদ উৎসবের’ আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ।
নিম্ন আয়ের সুবিধা বঞ্চিত লোকজন নিজেরা বা সন্তানদের নিয়ে ঘুরতে যাচ্ছেন এ ঈদ উৎসবে। খোলা জায়গায় শিশুরা মেতে উঠেছে বিভিন্ন খেলায় ও কেউ চড়ছে নাগর দোলা। আর সাথে রাখা হয়েছে খাবারের ব্যবস্থা।
শনিবার সকালে এ ঈদ উৎসবের উদ্বোধন করেন সিটি মেয়র শাহাদাত হোসেন। অনুষ্ঠানে আগত এসময় মেয়র সেখানে যাওয়া লোকজনের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়, শিশুদের মাঝে ঈদ সালামি ও ৫০ জন বৃদ্ধ নারীদের মাঝে উপহার সামগ্রী প্রদান করেন।
ঈদ উৎসবে সমবয়েসী কয়েকজনকে নিয়ে নাগর দোলা চড়তে আসেন ১০ বছর বয়সী পাভেল। একবার চড়ে নেমে গিয়ে আবারও দাঁড়াচ্ছেন লাইনে।
ষোলশহর রেল স্টেশন এলাকা থেকে আসা এ শিশু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল থেকেই ঈদ উৎসবে আসেন তিনি। নাগরদোলা চড়েছেন কয়েকবার করে। নিজেরা দৌড়াদৌড়ি করছেন। আবার অন্যান্য খেলাও খেলছেন।
বিলকিস আক্তার নামে এক নারী জানান, সন্তান ও প্রতিবেশী নারীদের সাথে তিনি এসেছেন। সেখানে খাওয়া দাওয়াও সেড়ে নিয়েছেন।
কসমোপলিটন এলাকার বাসিন্দা এ নারী বলেন, “মানুষের বাসায় কাজ করি। ছেলেরেতো বড় কোথাও নিয়ে যাওয়ার সামর্থ্য নাই। তাই এখানে আসলাম।”
সন্তানরা নাগরদোলায় চড়লেও সাথে থাকা নারীদের নিয়ে বিলকিস বোর্ডের গর্তে বল ফেলার খেলায় মেতে উঠেছেন।
বিদ্যানন্দ ফাউন্ডেশনের পরিচালক জামাল উদ্দিন জানান, দুই দিনব্যাপী এ আয়োজন চলবে। চট্টগ্রাম নগরীর পথশিশু ও ছিন্নমূল মানুষজন আজ ঈদ উৎসবে মেতে উঠেছে। তাদের জন্য বিরিয়ানি, পায়েস খাওয়ানোর পাশাপাশি নাগরদোলা সহ বিভিন্ন আয়োজন রাখা হয়েছে।
তিনি বলেন, “বর্তমান সময়ে ঈদসহ বিভিন্ন উৎসবে সমাজের শ্রেণি ব্যবধানটা পরিষ্কার ফুটে ওঠে। কেউ কেউ ঈদের সময় পোশাক আশাকের পাশাপাশি বিনোদনের জন্য হাজার হাজার টাকা খরচ করে, আবার কারো নুন আনতে পান্তা ফুরায়।”
সুবিধা বঞ্চিত নানা শ্রেণি পেশার লোকজন এবং শিশু কিশোরদের ঈদে আনন্দ দেওয়ার জন্য এ আয়োজন করা হয়েছে বলে জানান জামাল।
