১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রাম থেকে চুরি হওয়া কভার্ড ভ্যান উদ্ধার চাঁদপুরে

সেটি ফিরিয়ে দেওয়ার কথা বলে মালিকের কাছ থেকে দেড় লাখ টাকা দাবি করা হয়েছিল।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2025, 05:42 PM

Updated : 26 Aug 2026, 12:42 PM

চট্টগ্রাম থেকে চুরি করা একটি কভার্ড ভ্যান চাঁদপুর থেকে উদ্ধার করেছে পুলিশ; যেটি ফিরিয়ে দেওয়ার কথা বলে মালিকের কাছ থেকে ‘অর্থ দাবি’ করা হয়েছিল। 

সোমবার চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাকে নিয়ে চাঁদপুরের হাজীগঞ্জ থেকে কভার্ড ভ্যানটি উদ্ধার করা হয়। 

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির নাম মো. কায়সার (২৫), তিনি কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়নের বাসিন্দা। 

মামলার তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালী থানার এসআই মুহাম্মদ মোশারফ হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৬ মে নগরীর সিনেমাপ্যালেস সংলগ্ন কেসি দে রোডে পার্কিং করে রাখা কভার্ড ভ্যানটি চুরি হয়। পরে সেটি ফিরিয়ে দেওয়ার কথা বলে মালিককে ফোন করে দেড় লাখ টাকা দাবি করা হয়েছিল।

এ ফোন কলের সূত্র ধরে কায়সারকে গ্রেপ্তারের পর কভার্ড ভ্যানটি চাঁদপুরের হাজীগঞ্জ থেকে উদ্ধার করা হয়ে বলে জানান তিনি। 

এসআই মোশারফ বলেন, সিনেমা প্যালেস এলাকায় মোহছেন আউলিয়া ট্রান্সপোর্ট নামে একটি প্রতিষ্ঠানের কভার্ড ভ্যান এটি। ঘটনার দিন রাত ১২টার দিকে চালক কভার্ড ভ্যানটি কেসি দে রোডে পার্কিং করে রেখেছিল। পরদিন ভোরে চালক গাড়ি নিতে গেলে সেটি আর পাওয়া যায়নি। 

“সিসিটিভি ক্যামেরায় গাড়িটি নিয়ে যাওয়ার দৃশ্য দেখা গেলেও কারা নিয়ে গেছে, কীভাবে গাড়িটি চালু করা হয়েছে- সেসব কিছু পাওয়া যায়নি।”

পুলিশ জানায়, তাদের ধারণা এ চুরির সঙ্গে কয়েকটি পক্ষ জড়িত থাকতে পারে। একটি পক্ষ চুরির কাজ করেছে, একটি পক্ষ গাড়িটি তাদের হেফাজতে রেখেছে এবং আরেকটি পক্ষ মালিকের কাছ থেকে চাঁদা দাবি করেছিল। 

এ ঘটনায় জড়িত আরও কয়েক জনের নাম পুলিশ জানতে পারেছে জানিয়ে এসআই মোশারফ বলেন, বিষয়টি তারা তদন্ত করে দেখছেন এবং অন্যদের ধরতে কাজ চলছে।