১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সীতাকুণ্ডে শতাধিক একর খাসজমিতে গড়ে ওঠা শিপব্রেকিং ইয়ার্ড উচ্ছেদ

ওই জমি গেজেটভুক্ত বনভূমি হওয়ায় সেখানে জাহাজ ভাঙা ইয়ার্ড স্থাপন অবৈধ, বলছে পরিবেশ ও বন মন্ত্রণালয়।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2025, 11:53 PM

Updated : 26 Aug 2026, 01:16 PM

চট্টগ্রামের সীতাকুণ্ডের তুলাতলিতে শতাধিক একর সরকারি খাসজমিতে গড়ে তোলা একটি শিপব্রেকিং ইয়ার্ড উচ্ছেদ করা হয়েছে।

বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এ অভিযানে ওই জমিতে কোহিনূর স্টিল নামের একটি শিপব্রেকিং ইয়ার্ডের একটি দুইতলা ও একটি একতলা ভবন ভাঙা হয়।

এ অভিযানের বিষয়ে জেলা প্রশাসনের তরফে বলা হয়, চলতি বছরের ২০ মার্চ নোটিস দিয়ে তুলাতুলি মৌজার ওই জমি থেকে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে সাত দিন সময় দেওয়া হয়। এ সময়ে দখল না ছাড়ায় এ অভিযান চালানো হয়।

এ বিষয়ে ইয়ার্ড মালিক আবুল কাসেম অভিযান চলাকালে সাংবাদিকদের বলেন, "সরকারি নীতিমালা মেনে জমি ইজারা নিয়েছি। বর্তমানে যে ভবনটি ভাঙা হচ্ছে, তা উত্তর সলিমপুর মৌজায় অবস্থিত। তুলাতলী মৌজাতে না। ইয়ার্ড ভাঙার বিষয়ে উচ্চ আদালতে যাব।"

এ বিষয়ে অভিযানে নেতৃত্ব দেওয়া চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন হোসেন বলেন, "উনি ইজারা নিয়েছেন উত্তর সলিমপুর মৌজায়। আমরা যে জমিতে উচ্ছেদ অভিযান চালিয়েছি সেটি তুলাতলি মৌজায়।"

সেখানে ১১৩ দশমিক ৬৩ একর জমি থাকার কথা তুলে ধরে তার অভিযোগ, ওই জায়গার পুরোটাই দখলের পরিকল্পনা ছিল ওই ইয়ার্ডের।

অভিযানের বিষয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই জমি গেজেটভুক্ত বনভূমি হওয়ায় সেখানে জাহাজ ভাঙা ইয়ার্ড স্থাপন অবৈধ।

এতে বলা হয়, চট্টগ্রামের সীতাকুণ্ডে অনুমোদিত সাতটি শিল্পমৌজায় শিল্পকারখানা স্থাপনের অনুমতি রয়েছে, কিন্তু তুলাতুলী অঞ্চল এসবের অন্তর্ভুক্ত নয়; এটি বনভূমি।

অভিযানে যৌথ বাহিনী এবং পরিবেশ অধিদপ্তর ও বন বিভাগের কর্মকর্তারা অংশ নেন।