Published : 18 Jul 2025, 08:39 PM
চট্টগ্রামে নির্মাণাধীন একটি ভবনের নবম তলা থেকে পড়ে তিন শ্রমিকের প্রাণ গেছে।
শুক্রবার বেলা সোয়া ১২টার দিকে কোতয়ালী থানা এলাকার রঙ্গম কনভেনশন সেন্টার সংলগ্ন ভবনে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত মোহাম্মদ হাসান, ফখরুল ইসলাম ও রাশেদের বাড়ি নোয়াখালীতে।
কোতয়ালী থানার ওসি আবদুল করিম বলেন, নির্মাণাধীন ভবনে কাজ করার সময় ওপর থেকে পড়ে তিনজন মারা গেছেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক বলেন, গুরুতর আহত অবস্থায় তিনজনকে হাসপাতালটিতে নেওয়া হলে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আর ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় বিকালে রাশেদ মারা যান।
আহতদের হাসপাতালে নিয়ে যান মো. রাসেল নামে আরেক শ্রমিক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, নবম তলায় দেয়াল প্লাস্টারের কাজ করছিলেন তারা। তিনি নিজেও ওই কাজ করছিলেন, তবে ‘শরীর খারাপ করায়’ সকাল ১০টার দিকে নেমে পড়েন।
রাসেলের ভাষ্য, বেলা ১২টার দিকে তিনজন নিচে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে নিয়ে যান তিনি।