Published : 20 Mar 2026, 07:58 PM
ঈদের দিন চট্টগ্রাম জেলার কোথাও কোথাও ঝড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
চট্টগ্রাম নগরীর আকাশ শুক্রবার সারাদিনই ছিল মেঘলা। বিকাল হতেই শুরু হয় ঝড়ো হাওয়া। শেষ বিকেলে আকাশের কোণে জমে ঘন কালো মেঘ।
চট্টগ্রামে বোয়ালখালী উপজেলার কিছু এলাকায় শুক্রবার বিকেলে ঝড়ো হাওয়ার সাথে হালকা বৃষ্টিও হয়েছে।
শনিবার ঈদের দিন বৃষ্টির আশঙ্কায় ঈদগাঁগুলোতেও প্রস্তুতি নেওয়া হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তরের শনিবারের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
জানতে চাইলে পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগামীকাল (শনিবার) চট্টগ্রামের কিছু কিছু এলাকায় ঝড়ো বাতাসসহ বৃষ্টির সম্ভাবনা আছে। এখন সাগর কিছুটা উত্তাল আছে। আকাশে মেঘ আছে। কালবৈশাখীর মৌসুম এখন।
“চট্টগ্রাম নদী বন্দরকে ২ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। তবে সমুদ্র বন্দরে কোনো সতর্ক সংকেত নেই।”
শনিবার নগরীতে প্রথম ও প্রধান ঈদ জামাত হবে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে।
সেখানে প্রায় ২৫ হাজার লোক সমাগম হতে পারে। বৃষ্টির আশঙ্কায় পুরো প্রাঙ্গণে ত্রিপল খাটানো হয়েছে।