১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ট্রেনে গাফিলতি পেলে ‘ব্যবস্থা’ নেওয়া হচ্ছে: প্রতিমন্ত্রী হাবিব

“যাত্রী ভোগান্তি দূর করতে আমরা নির্দেশনা দিয়েছি।”

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2026, 01:29 PM

Updated : 26 Aug 2026, 03:12 PM

ঈদে ট্রেন যাত্রায় গাফিলতি ও অব্যবস্থাপনার অভিযোগ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম রেল স্টেশনে পরিদর্শনে এসে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

হাবিবুর রশিদ হাবিব বলেন, “কানেক্টিং ট্রেনগুলোর যে জায়গায় দুর্বলতা আছে, সেগুলো দূর করতে আমরা কাজ করছি। আমরা যাত্রীদের সাথেও কথা বলছি। যাত্রীদের অভিযোগ কানেক্টিং ট্রেনগুলো কোথাও কোথাও দেরি হচ্ছে। 

“সেই সমস্যাগুলো দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে চাই। যাত্রী হিসেবে নিজেরাই ট্রেন জার্নি করছি। সেকারণে সাধারণ যাত্রীদের কী সমস্যা হচ্ছে, তা দেখে সমাধানে কাজ করছি।"

চট্টগ্রামের ‘পাহাড়িকা এক্সপ্রেস’ ও ‘বিজয় এক্সপ্রেস’ ট্রেনের বিলম্বের কারণ জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, “এই দুইটার বিষয়ে আমরা কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চেয়েছি। এসব সমস্যা কমাতে ও যাত্রী ভোগান্তি দূর করতে আমরা নির্দেশনা দিয়েছি।”

ট্রেনে এবারের ঈদযাত্রার সার্বিক পরিস্থিতি জানতে চাইলে প্রতিমন্ত্রী হাবিব বলেন, “আসলে এটি আমাদের চেয়ে আপনারা আরো ভালো বলতে পারবেন। যেহেতু আপনারা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। আমরাও আপনাদের রিপোর্টের উপর ভিত্তি করে নিজেরা কাজ করছি।

“সাথে সাথে বিভিন্ন জায়গায়—যখনই আমরা সোশাল মিডিয়া, ইলেক্ট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার কোনো রিপোর্ট পাচ্ছি; সেখানেও আমরা দেখছি। সাথে সাথেই সেই কাজটি কীভাবে আরো সুন্দর করা যায়; সেখানে গাফিলিতি রয়েছে কি? 

“গাফিলতি থাকলে, সে গাফিলতি কীভাবে পূরণ করা যায় এবং যারা এই অব্যবস্থাপনার সাথে জড়িত, তাদেরকে কীভাবে শাস্তির আওতায় আনা যায়; সেই কাজগুলো আমরা করছি এবং আমরা নিজেরাও সার্বক্ষণিক মনিটরিংয়ের মধ্যে আছি।"

কারো বিরুদ্ধে অব্যবস্থাপনা প্রমাণ পেলে শাস্তির আওতায় আনা হবে কি না, এ প্রশ্নের উত্তরে হাবিব বলেন, “হ্যাঁ অবশ্যই, নীলসাগর ট্রেনটি আমাদের যে সমস্যা হয়েছে, সেখানে আমরা স্টেশন মাস্টার এবং চালককে সাসপেন্ড করেছি, তদন্ত কমিটি করেছি; আরো কারো গাফলতি থাকলে, তাদেরকে আমরা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করছি।"

ঈদের ট্রেন যাত্রা নিয়ে যাত্রীদের প্রতিক্রিয়া কেমন, এমন প্রশ্নের উত্তরে রেল প্রতিমন্ত্রী বলেন, “যাত্রীদের অভিব্যক্তি মোটামুটি ভালো ছিল। কিন্তু কানেক্টিং ট্রেনগুলোতে তাদের দেরি হয়েছে। সেই জায়গায় তাদের অভিযোগ ছিল এবং এই কারণে আমি আসার পর যে জিনিসটি- তাদের অভিযোগ যে, তারা অনেকে ময়মনসিংহ-জামালপুর থেকে এসেছে। অনেকেই সিলেট থেকে এসেছে। কানেক্টিং ট্রেনগুলিতে তাদের দেরি হচ্ছে।

“এই ভোগান্তির কথা তারা আমাদেরকে বলেছে। সাথে সাথে আমি রেল কর্তৃপক্ষকে বলেছি, যাতে এই ভোগান্তি দূর করা হয় এবং এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।"

এর আগে রেল স্টেশনে অপেক্ষমান যাত্রীদের সাথে কথা বলেন রেলপথ প্রতিমন্ত্রী। তিনি তাদের কাছে ট্রেন যাত্রার বিষয়ে জানতে চান।

রেল প্রতিমন্ত্রীকে পেয়ে যাত্রীরা বিলম্বে পহাড়িকা এক্সপ্রেস ট্রেন আসার বিষয়ে জানান।

পর্যটক এক্সপ্রেস ট্রেনে কক্সবাজারগামী যাত্রী হুমায়ন রশিদ প্রতিমন্ত্রীকে কাছে পেয়ে পুরো পরিবার নিয়ে তার সাথে সেলফিও তোলেন।

পরিদর্শনের সময় রেল প্রতিমন্ত্রীর সঙ্গে পূর্ব রেলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।