রাউজানে ‘গরুচোর সন্দেহে’ বৃদ্ধকে পিটিয়ে হত্যা
“স্থানীয়দের কেউ কেউ বলছে খামারে গরু চুরি করতে গিয়েছে সন্দেহে রাতে তাকে পিটুনি দেওয়া হয়।”
চট্টগ্রামের রাউজানে ‘গরুচোর সন্দেহে’ জনতার পিটুনিতে ষাটোর্দ্ধ এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার উপজেলার পৌর সদরের ৯ নম্বর ওয়ার্ডের বাইন্না পাড়া এলাকা থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহত ব্যক্তির নাম পরিচয় এখনো তারা নিশ্চিত করতে পারেনি।
রাউজান থানার পরিদর্শক (তদন্ত) নিজাম উদ্দিন দেওয়ান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে একটি খোলা মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়। রাতের কোনো এক সময়ে তাকে ‘পিটিয়ে খুন করা হয়েছে’।
পরিদর্শক নিজাম বলেন, “ওই মাঠের পাশে একটি গরুর খামার আছে। স্থানীয়দের কেউ কেউ বলছে খামারে গরু চুরি করতে গিয়েছে সন্দেহে রাতে তাকে পিটুনি দেওয়া হয়। এতে তার মৃত্যু হয়। আবার কেউ কেউ বলছে লোকটি পাগল। তাকে রাতে কেউ পিটিয়ে মেরেছে।”
মৃত্যুর ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
