হাদি হত্যা: চট্টগ্রামেও অবস্থান কর্মসূচিতে ইনকিলাব মঞ্চ
“হাদি হত্যার বিচার ছাড়া আর কোনো দাবি নেই,” বলেন মঞ্চের চট্টগ্রামের নেতা রাফসান।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচার দাবিতে চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট মোড়ে অবস্থান নিয়েছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।
শনিবার বিকাল ৪টার পর তারা সেখানে জড়ো হন। এরপর লোক সমাগম বাড়তে থাকে। সন্ধ্যা ৬টার পরও সেখানে অবস্থান করে হত্যাকাণ্ডের বিচার দাবিতে স্লোগান দিচ্ছিলেন নেতাকর্মীরা।
অবস্থান কর্মসূচির কারণে ওই এলাকায় যানজট তৈরি হয়। বিভিন্ন রুটের বেশ কিছু গাড়ি আটকে থাকতে দেখা গেছে আশেপাশের সড়কে।
সন্ধ্যায় ইনকিলাব মঞ্চ চট্টগ্রামের আহ্বায়ক রাফসান রাকিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের অবস্থান কর্মসূচি চলছে। কেন্দ্র থেকে যে সিদ্ধান্ত দেওয়া হবে, সে অনুযায়ী পরবর্তী সিন্ধান্ত নেব। কেন্দ্র থেকে যদি চালিয়ে যেতে বলে, তাহলে অবস্থান টানা চলবে।
“আমাদের একমাত্র দাবি হাদি ভাইয়ের হত্যাকারীদের বিচার। অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে। বিচার ছাড়া আর কোনো দাবি নেই।”
এর আগে শুক্রবার ওসমান হাদি হত্যার বিচার দাবিতে দেশব্যাপী বিক্ষোভের অংশ হিসেবে চট্টগ্রামেও বিক্ষোভ মিছিল করে ইনকিলাব মঞ্চ। আন্দরকিল্লা শাহী জামে মসজিদে জুমার নামাজ শেষে মিছিল বের করা হয়।
এদিনই হাদি হত্যাকাণ্ডের বিচার দাবিতে শাহবাগ মোড় অবরোধ শুরু করেন মঞ্চের নেতাকর্মীরা। শীতের মধ্যে কাঁথা-কম্বল শরীরে জড়িয়ে সারা রাত শাহবাগে অবস্থান নিয়ে তাদের বিক্ষোভ চলে। শনিবারও তারা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
