Published : 02 Nov 2025, 05:24 PM
দুবাই থেকে সিলেটে এসে গ্রেপ্তার হয়েছেন চট্টগ্রামের ৫৭ মামলার এক আসামি।
সিলেট ওসমানী বিমানবন্দর এলাকা থেকে শনিবার তাকে গ্রেপ্তারের পর চট্টগ্রামে এনেছে পুলিশ। রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান পটিয়া থানার ওসি নুরুজ্জামান।
গ্রেপ্তার ব্যক্তির নাম মোহাম্মদ রুহুল আমিন (৫৫)। তিনি পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের পাইরোল গ্রামের বাসিন্দা।
ওসি নুরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চেক প্রতারণা, অর্থ আত্মসাৎসহ রুহুল আমিনের বিরুদ্ধে ৫৭টি মামলা আছে। এর মধ্যে ১০টি মামলায় তার সাজা হয়েছে।
“রুহুল আমিন দীর্ঘদিন ধরে দুবাইতে ছিলেন। শনিবার সিলেট বিমানবন্দর হয়ে তিনি দেশে ফেরেন। সিলেট বিমানবন্দর থানা পুলিশের সহায়তায় তাকে সেখান থেকে গ্রেপ্তার করে রাতে চট্টগ্রামে আনা হয়।”
তিনি বলেন, রুহুলের বিরুদ্ধে পটিয়া থানায় ২৭টি সিআর, একটি জিআর মামলা ও চারটি সিআর সাজা ওয়ারেন্টসহ ৩২টি মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাছাড়া নগরীর কোতোয়ালী থানায় ১৯টি সিআর ও ছয়টি সাজার পরোয়ানা আছে।
স্থানীয়রা বলেন, রুহুল চট্টগ্রাম নগরীতে মাছের ব্যবসা করতেন। টাকা আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগ ভুক্তভোগীরা তার বিরুদ্ধে মামলাগুলো করেছিলেন। সাজা এড়াতে তিনি গোপনে দুবাই চলে যান। সেখান থেকে তিনি শনিবার সিলেট বিমানবন্দর হয়ে দেশে ফেরেন।