১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে দুজনের জিকা ভাইরাস বলে সন্দেহ

“আইইডিসিআর এবং সিডিসি নিশ্চিত করলে আমরা জিকা ভাইরাস শনাক্তের বিষয়টি নিশ্চিত করতে পারব,” বলেন ডা. তৌহিদুল।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2025, 03:09 PM

Updated : 26 Aug 2026, 01:20 PM

চট্টগ্রামে দুজনের শরীরে জিকা ভাইরাস ধরা পড়ার কথা জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়।

ডেপুটি সিভিল সার্জন মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বেসরকারি একটি ল্যাবে দুজনের নমুনায় জিকা ভাইরাস পজেটিভ এসেছে। জিকা ভাইরাস ইন্টারন্যাশনাল হেলথ রেগুলেশনসের (আইএইচআর) তালিকাভুক্ত রোগ হওয়ায় এটি নিশ্চিত করবে আইইডিসিআর এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল (সিডিসি) বিভাগ। তাদেরকে আমরা জানিয়েছি। 

“তারা নিশ্চিত করলে তখন আমরা জিকা ভাইরাস শনাক্তের বিষয়টি নিশ্চিত করতে পারব।” 

এক প্রশ্নের উত্তরে ডা. তৌহিদুল আনোয়ার বলেন, “নিয়ম অনুসারে আবার আইইডিসিআর এ নমুনা পাঠাতে হবে। তারা পরীক্ষা করে বিষয়টি নিশ্চিত করবেন।” 

যে দুজনের শরীরে জিকা ভাইরাস শনাক্ত হয়েছে তাদের মধ্যে একজন পুরুষ এবং অন্যজন নারী। দুজনই চল্লিশোর্ধ।

ডা. তৌহিদুল আনোয়ার বলেন, চট্টগ্রামের দুজন বিশেষজ্ঞ চিকিৎসক চল্লিশোর্ধ্ব এক পুরুষ ও এক নারীকে পরীক্ষার জন্য বেসরকারি ল্যাবটিতে পাঠান।

 “সেখানে কম্বাইড টেস্ট পদ্ধতিতে পরীক্ষা করা হয়েছিল। জিকা, ডেঙ্গু ও চিকনগুনিয়ার কিছু লক্ষণ মিল থাকায় এই পদ্ধতিতে পরীক্ষা করা হয়ে থাকে। কম্বাইন্ড টেস্টে ফলাফল পজেটিভ এসেছে।”  

তিনি বলেন, ওই দুই রোগীর শরীরে জ্বর, ব্যথা, র‌্যাশ ও হাত-পা ফোলার মত উপসর্গ আছে, যা জিকার লক্ষণ।

চট্টগ্রামে চলতি বর্ষা মৌসুমের শুরু থেকে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে শুরু করে। চলতি জুলাই মাসে জেলায় ৮৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। 

এছাড়া মশাবাহিত আরেক রোগ চিকুনগুনিয়ার রোগীও শনাক্ত হচ্ছে জেলায়। জিকা ভাইরাসও এডিস মশার মাধ্যমে মানুষের শরীরে সংক্রমিত হয়।