ফোন চুরির অভিযোগ তুলে চট্টগ্রামে একজনকে পিটিয়ে হত্যা
পুলিশ বলেছে, মোবাইল চুরির অভিযোগে কয়েকজন মিলে মারধর করলে বেলালের মৃত্যু হয়।
চট্টগ্রামে মোবাইল ফোন চুরির অভিযোগ তুলে মারধর করায় এক ব্যক্তির মৃত্যু হওয়ার তথ্য দিয়েছে পুলিশ।
রোববার হাটহাজারী উপজেলার চিকনদণ্ডী এলাকায় মারধরের শিকার হওয়া ওই ব্যক্তির নাম মো. বেলাল (৩২)। তার বাড়ি ফটিকছড়ি উপজেলার ভুজপুরে; থাকতেন নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায়।
এ ঘটনায় পুলিশ হাসিব আবরার (২৬) নামে একজনকে আটক করেছে। তার বাড়ি হাটহাজারীর চিকনদণ্ডী এলাকায়।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে চিকনদণ্ডী এলাকার এক ব্যক্তি মোবাইল ফোন খুঁজে পাচ্ছিলেন না। ‘গুগলের ফাইন্ড ডিভাইসের’ মাধ্যমে তিনি মোবাইলটির অবস্থান শনাক্ত করেন। পরে ফোনটি তিনি বেলালের কাছে পান।
“এরপর বেলালকে চিকনদণ্ডীতে নিয়ে গিয়ে মোবাইল ফেরত নেওয়া হয়। সেখানে কয়েকজন মিলে তাকে মারধর করে। এতে গুরুতর অসুস্থ হয়ে গেলে বেলালকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
পুলিশ কর্মকর্তা তারেক আজিজ বলেন, “আসলে কী হয়েছিল এবং কারা কারা সম্পৃক্ত ছিল, আমরা খতিয়ে দেখছি।”
