Published : 20 Apr 2026, 10:53 PM
হেফাজতে ইসলামের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে দেখা করে দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
সোমবার সন্ধ্যায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরী মাদ্রাসায় গিয়ে হেফাজত আমিরের সঙ্গে দেখা করেন তিনি।
এসময় তার সঙ্গে ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার এবং কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক জোবাইরুল আরিফসহ দলের অন্যান্য নেতাকর্মী।
সাক্ষাৎ শেষে আসিফ মাহমুদ সাংবাদিকদের বলেন, “আমি ব্যক্তিগতভাবে এবং সংগঠনের আরও কয়েকজন নেতৃবৃন্দ হুজুরের থেকে দোয়া নেওয়ার উদ্দেশ্যেই মূলত আসা। এর আগে যেহেতু আসা হয় নাই, মাদ্রাসা ঘুরে যাওয়া। আমরা হাটহাজারী মাদ্রাসাতেও যাব।”
তিনি বলেন, “এখানে এত এত শিক্ষার্থী পড়াশোনা করছেন, খুব সুন্দর পরিবেশে, এটা দেখতে পেলাম। হুজুর আমাদের জন্য শুভকামনা জানালেন। দোয়ার দরখাস্ত করলাম। তিনি দোয়া করে দিলেন।”
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে এনসিপির ঘোষিত প্রার্থী আসিফ বলেন, “সেইভাবেই প্রস্তুতি নিচ্ছি। এটাও একটা উপলক্ষ যে হুজুরের কাছে দোয়া নিয়ে যাওয়া।
“আমরা জাতীয় নাগরিক পার্টিকে এখন একটা শক্তিশালী রাজনৈতিক সংগঠনে পরিণত করার জন্য কাজ করছি। জাতীয় নাগরিক পার্টিতে নির্বাচনের পরে অনেকেই যুক্ত হচ্ছেন। বিভিন্ন প্ল্যাটফর্ম, পার্টি এবং দীর্ঘদিন যারা রাজনীতি করেছেন বিভিন্ন জায়গায়, সবাই যুক্ত হচ্ছেন।”
হেফাজতে ইসলামের আমিরের সঙ্গে আসিফ মাহমুদের সাক্ষাতের বিষয়ে এনসিপির চট্টগ্রাম মহানগরীর সমন্বয়কারী সদস্য ও মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী রিদুয়ান হৃদয় বলেন, চলমান রাজনৈতিক পরিস্থিতি, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং ভবিষ্যৎ সাংগঠনিক বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত মতবিনিময় করেছেন তারা। এ সময় মুহিবুল্লাহ বাবুনগরী তার লেখা বই উপহার দেন আসিফ মাহমুদকে।