১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রাম নগরীর স্কুল-কলেজে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা কর্মসূচি

স্কুল-কলেজে ব্রেস্ট ক্যান্সার সচেতনতার জন্য সমাবেশ, প্রশিক্ষণ ও বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম গ্রহণ করা হবে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2025, 09:02 PM

Updated : 26 Aug 2026, 02:16 PM

চট্টগ্রাম নগরীর স্কুল-কলেজে অক্টোবর মাস জুড়ে ব্রেস্ট ক্যান্সার বিষয়ক সচেতনতা, সমাবেশ ও প্রশিক্ষণের কর্মযজ্ঞ চালানো হবে।

বৃহস্পতিবার এ জন্য দুটি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) কর্তৃপক্ষ

সিসিসি, সেন্টার ফর স্পেশালাইজড কেয়ার অ্যান্ড রিসার্চ (সিএসসিআর) প্রাইভেট লিমিটেড ও পিজিএস একাডেমিয়া যৌথভাবে বন্দর নগরীতে ব্রেস্ট ক্যান্সার সচেতনতার মাস উদযাপন ও প্রচার চালাবে।

নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ সংক্রান্ত আবহ তৈরির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। লিফলেট বিতরণ ও টকশোসহ গণমাধ্যমে বিভিন্ন প্রচার চালানো হবে। স্কুল-কলেজে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা বিষয়ে সমাবেশ ও প্রশিক্ষণ এবং বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম গ্রহণ করা হবে।

এ ছাড়া মাস জুড়ে সিএসসিআর হাসপাতালে ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রামের আওতায় রোগীদের বিনামূল্যে পরামর্শ দেওয়া হবে।

যে রোগীদের পরীক্ষার প্রয়োজন হবে, তাদের ৫০ শতাংশ ছাড়ে মনোগ্রাম, আল্ট্রাসনোগ্রাম, সিটি এবং এমআরআই অব ব্রেস্ট এবং বায়োপসি, হিস্টোপ্যাথলজি, ইমিউনো-হিস্টোক্যামিস্ট্রি পরীক্ষার ব্যবস্থা করা হবে।

সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে সিটি মেয়র শাহাদাত হোসেন, সিএসসিআর প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান খুরশীদ জামিল চৌধুরী ও ব্যবস্থাপনা পরিচালক মোরসেদুল করিম চৌধুরী, পিজিএস একাডেমিয়ার পক্ষে সংস্থাটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক মাসুদ করিম ছিলেন।