১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নাচে-গানে-কথামালায় চট্টগ্রামে ‘বসন্ত বরণ’

“আমাদের ঐতিহ্য বাঁচিয়ে রাখতে হবে।”

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2026, 03:11 PM

Updated : 26 Aug 2026, 02:57 PM

গাছে গাছে সবুজ কচি পাতা আর লাল-কমলা রাঙা পলাশ-শিমুলে ছাওয়া প্রকৃতি ফাল্গুনের আগমনী জানান দিয়েছে আগেই। এবার দিনপঞ্জির হিসেবে শীতকে বিদায় জানিয়ে এসেছে বসন্ত। 

ফাল্গুনকে স্বাগত জানিয়ে শনিবার সকালে চট্টগ্রাম নগরীর আমবাগানে শহীদ ওয়াসিম পার্কে বোধন আবৃত্তি পরিষদ আয়োজন করে ‘বসন্ত উৎসব’।

'নিবিড় অন্তরতর বসন্ত এলো প্রাণে' স্লোগানে সকাল ৯ টায় ভায়োলিনিস্ট চিটাগাংয়ের যন্ত্রসংগীতের মধ্য দিয়ে শুরু হয় বসন্ত উৎসবের আয়োজন।

অনুষ্ঠানের 'বসন্ত কথন' পর্বে অংশ নিয়ে সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন বলেন, "প্রকৃতির নিয়মে আবার ফাল্গুন এসেছে। আজ বোধন বসন্ত উৎসবের আয়োজন করেছে। এই উৎসব চলতে থাকবে। আমাদের ঐতিহ্য বাঁচিয়ে রাখতে হবে। আপনাদের সবাইকে নিয়ে একটি ক্লিন, গ্রিন, হেলদি ও।সাংস্কৃতিক নগরী হিসেবে চট্টগ্রামকে গড়ে তুলতে চাই।"

উৎসবের আয়োজনের মধ্যে ছিল সংগীত, নৃত্য, আবৃত্তি, ঢোলবাদন, কথামালা, শোভাযাত্রা, যন্ত্রসংগীতসহ নানা আয়োজন।

বসন্তের হাওয়ায় দলীয় নৃত্যে অংশ নেন নৃত্যরূপ, সুরাঙ্গন বিদ্যাপীঠ, দ্যা স্কুল অব ক্লাসিক্যাল এন্ড ফোক ডান্স, নৃত্য নিকেতন, মাধুরী ডান্স একাডেমির শিল্পীরা।

গানে গানে দলীয় সংগীতে বসন্তকে স্বাগত জানান সুর পঞ্চম, আর কে মিউজিক, বাগেশ্বরী।

একক গান পরিবেশন করেন কেশব জীপসী, ঋষু তালুকদার, চন্দ্রিমা ভৌমিক রাত্রি, কান্তা দে, সুমিতা সরকার, রিনা দাশ, মনি আচার্য্য।

তবলা লহড়ায় ছিলেন উঠান সংগীত বিদ্যালয়। একক আবৃত্তি করেন কংকন দাশ, মিশফাক রাসেল, দেবাশীষ রুদ্র। ঢোলবাদনে ছিলেন দীপক ও তার দল।

সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যভাগে হয় বসন্তকথন পর্ব। এতে অংশ নেন বোধনের সহ-সভাপতি সুবর্ণা চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদ ইসমাইল সোহেল, অর্থ সম্পাদক অনুপম শীল।

পরে একক ও দলীয় আবৃত্তি পরিবেশন করেন বোধন আবৃত্তি পরিষদের আবৃত্তিশিল্পীরা।

পুরো অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন গৌতম চৌধুরী, পলি ঘোষ, শ্রেয়সী স্রোতস্বীনি, ঋত্বিকা নন্দী, পল্লব গুপ্ত। অনুষ্ঠান শেষে বসন্ত বরণে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।