Published : 26 Jul 2025, 08:44 PM
জুলাই অভ্যুত্থানে আহতরা দেশের ‘গণতান্ত্রিক ইতিহাসের অংশ’ বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম।
শনিবার চট্টগ্রাম শিল্পকলা একাডেমির মিলনায়তনে জুলাই আন্দোলনের বর্ষপূর্তির অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ‘ওয়ারিয়র্স অব জুলাই, চট্টগ্রাম’ এ অনুষ্ঠান আয়োজন করে।
বীর প্রতীক ফারুক ই আজম বলেন, “জুলাই যোদ্ধারা গণতান্ত্রিক বাংলাদেশের ইতিহাসের অংশ। বাংলাদেশ আজীবন তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। দেশের সরকার ও জনগণ তাদের ত্যাগের মর্যাদা সমুন্নত রেখে সুযোগ-সুবিধা নিশ্চিত করবে বলে আমার বিশ্বাস।
“জুলাই যোদ্ধাদের পুনর্বাসনে ইতোমধ্যে আলাদা অধিদপ্তর স্থাপন করা হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ১০ম তলায় এ অধিদপ্তরের জন্য ২০ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে অধিদপ্তর থেকে জুলাই যোদ্ধাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সার্বক্ষণিক কাজ করা হচ্ছে।”
উপদেষ্টা বলেন, মাসিক ভাতার পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে ‘আহত যোদ্ধারা’ আজীবন সরকারি হাসপাতালগুলোতে বিনা খরচে চিকিৎসা পাবেন। স্বীকৃতিপ্রাপ্ত ‘জুলাই যোদ্ধারা’ ক্যাটাগরি অনুযায়ী এককালীন ও মাসিক ভাতা পাবেন।
“জুলাই অভ্যুত্থানের শহীদদের ‘জুলাই শহীদ’ এবং আহতদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দিয়ে নাম ঘোষণা করা হয়েছে। আহত জুলাই যোদ্ধারা ‘এ’, ‘বি’ এবং ‘সি’- এই তিন ক্যাটাগরিতে মাসিক ভাতা পাবেন।”
ওয়ারিয়র্স অব জুলাইয়ের আহ্বায়ক মোহাম্মদ আব্দুল্লাহ আল সাহেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলার সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী এবং শহিদ ইসমামের ভাই মো. মুহিব। বক্তব্য রাখেন ‘জুলাই যোদ্ধা’ রাকিবুল ইসলাম।