১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

উদীচী চট্টগ্রামের সভাপতি চন্দন দাশের প্রয়াণ

হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকে তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন।

উদীচী চট্টগ্রামের সভাপতি চন্দন দাশের প্রয়াণ
উদীচী চট্টগ্রামের ভারপ্রাপ্ত সভাপতি চন্দন দাশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2026, 07:13 PM

Updated : 11 Sep 2026, 03:19 PM

উদীচী শিল্পীগোষ্ঠীর একাংশের চট্টগ্রাম জেলা সংসদের ভারপ্রাপ্ত সভাপতি চিকিৎসক চন্দন দাশ মারা গেছেন।

তার বয়স হয়েছিল ৭৪ বছর।

শুক্রবার সকালে চট্টগ্রাম নগরীর পাথরঘাটা এলাকায় নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে জানান উদীচীর সহ সাধারণ সম্পাদক জয় সেন। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, কিছুদিন আগে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন চন্দন দাশ। এরপর অসুস্থ অবস্থায় তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন। 

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

সবার শ্রদ্ধা নিবেদনের জন্য ডা. চন্দন দাশের মরদেহ শনিবার বেলা ১১টায় নগরীর চেরাগী পাহাড় এলাকায় উদীচী কার্যালয়ের নিচে রাখা হবে। এর আগে আগে সকাল ১০টায় নগরীর হাজারী লেইনে সিপিবি চট্টগ্রাম জেলা কার্যালয়ের সামনে শেষ শ্রদ্ধা জানানো হবে।

বিদেশে অবস্থানরত সন্তানরা দেশে ফেরার পর তার শেষকৃত্যের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন জয় সেন।

পেশায় চিকিৎসক চন্দন দাশ ছিলেন শিশু রোগ বিশেষজ্ঞ। সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি ছাত্রজীবন থেকে রাজনীতিতেও সক্রিয় ছিলেন।

উদীচী চট্টগ্রাম জেলার ভারপ্রাপ্ত সভাপতি ছাড়াও তিনি এ সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ চট্টগ্রামের সাধারণ সম্পাদক, সিআরবি শিরীষ তলায় নববর্ষ উদযাপন পরিষদের সহ-সভাপতিরও দায়িত্ব পালন করেছিলেন।

এছাড়া তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) চট্টগ্রাম জেলা সংসদের সম্পাদকমণ্ডলীর সদস্য ও চিকিৎসকদের সংগঠন ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট (ডেন), চট্টগ্রামের সভাপতি হিসেবে তিনি আমৃত্যু দায়িত্ব পালন করেছেন।

ডা. চন্দন দাশের মৃত্যুতে সিপিবি কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা কমরেড মোহাম্মদ শাহআলম, মুক্তিযোদ্ধা বালাগাত উল্লাহ, চট্টগ্রাম জেলা সিপিবির সভাপতি অধ্যাপক অশোক সাহা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর, দক্ষিণ জেলা সিপিবির সভাপতি অধ্যাপক কানাই দাশ ও সাধারণ সম্পাদক শওকত আলী, উদীচী কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ সেলিম ও সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, চট্টগ্রাম জেলা কমিটির সহ-সভাপতি প্রবাল দে ও সাধারণ সম্পাদক অধ্যাপক শীলা দাশগুপ্তা, ডেন চট্টগ্রামের সাধারণ সম্পাদক ডা. আরিফ বাচ্চু, চট্টগ্রাম জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি শুভ দেবনাথ ও সাধারণ সম্পাদক নাবিল আহমেদ গভীর শোক প্রকাশ করেছেন।