১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

হাজারী গলিতে হামলা: বৈষম্যবিরোধী আন্দোলনের প্রতিবাদী সমাবেশ

সমন্বয়ক রাসেল আহমেদ বলেন, কিছু উগ্রবাদী সংগঠন আওয়ামী লীগের দালাল হয়ে, দোসর হয়ে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2024, 09:16 PM

Updated : 26 Aug 2026, 10:52 AM

চট্টগ্রামের হাজারী গলিতে পুলিশ ও সেনাবাহিনীর ওপর ‘অ্যাসিড নিক্ষেপ ও হামলার’ প্রতিবাদে সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। 

বুধবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে প্রতিবাদ সমাবেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক শহীদুল হক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বক্তব্য রাখেন। 

সমাবেশে শহীদুল হক বলেন, “একটি উগ্রবাদী সংগঠন কয়েক বছর ধরে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে। আমরা চাই না বাংলাদেশ ফিলিস্তিন হোক, আমরা চাই না বাংলাদেশ কাশ্মীর হোক, মিয়ানমার হোক।”

হাজারী গলির ঘটনাকে ইঙ্গিত করে শহীদুল হক বলেন, “একটি ছেলে ভুল করেছে, সে ক্ষমাও চেয়েছে। তারপরও হামলা হয়েছে, দোকানপাট ভাঙচুর হয়েছে। এটা কিসের নমুনা, কিসের ইঙ্গিত?”

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রাসেল আহমেদ বলেন, “কিছু উগ্রবাদী সংগঠন আওয়ামী লীগের দালাল হয়ে, দোসর হয়ে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। এদেশে কোনো সংখ্যালঘু নাই, আমরা সবাই বাংলাদেশের। ধর্মীয় উগ্রবাদকে কখনো ঠাঁই দিব না। কেউ যেন ধর্মকে ব্যবহার করে বিভাজনের রাজনীতি করতে না পারে সে খেয়াল রাখতে হবে।” 

সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র আন্দোলনের নেতা আমির আবদুল্লাহ মতিউর, ইমরান হোসেন প্রমুখ।

মঙ্গলবার ফেইসবুকে একটি ধর্মীয় সংগঠন নিয়ে এক ব্যক্তির দেওয়া পোস্টকে কেন্দ্রে করে উত্তেজনা ও বিক্ষোভের মধ্যে তুলকালাম কাণ্ড ঘটে চট্টগ্রামের হাজারী গলিতে।

উদ্ভুত পরিস্থিতি সামাল দিতে গেলে পুলিশ ও সেনা সদস্যদের ওপর অ্যাসিড নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটে। পরবর্তীতে অভিযানে নেমে যৌথবাহিনীর সদস্যরা কয়েকজনকে আটক করে বলে বুধবার সংবাদ সম্মেলন করে জানানো হয়।