চট্টগ্রামে খাটের ওপর পড়েছিল শিক্ষিকার লাশ
“ধারণা করছি কয়েকদিন আগে অসুস্থ হয়ে তিনি মারা গেছেন।”
চট্টগ্রাম মহানগরীর দেওয়ানজী পুকুর পাড় এলাকায় নিজ বাসা থেকে এক স্কুল শিক্ষিকার লাশ উদ্ধার করেছে পুলিশ।
পলি চৌধুরী নামে ৪৬ বছর বয়সী ওই শিক্ষিকার লাশ খাটের ওপর পড়েছিল।
রোববার বেলা ৩টার দিকে লাশ উদ্ধারের তথ্য দিয়ে কোতোয়ালি থানার এসআই রাশেদুল ইসলাম বলেন, পলি চৌধুরী স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষিকতা করতেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অবিবাহিত ওই শিক্ষিকা টিনশেডের বাসায় একাই থাকতেন। স্বজনদের সঙ্গে শনিবার সকাল থেকেই তার যোগাযোগ ছিল না। রোববার সকালে বাসায় এসে ভেতর থেকে দরজা বন্ধ দেখে ৯৯৯ এ ফোন করে তারা খবর দেয়।
এসআই রাশেদুল বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দিয়ে দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে।
“খাটের ওপর শোয়ানো অবস্থায় ওই শিক্ষিকার লাশ উদ্ধার করি। লাশটি অর্ধগলিত অবস্থায় ছিল এবং দুর্গন্ধ বের হচ্ছিল। ধারণা করছি কয়েকদিন আগে অসুস্থ হয়ে তিনি মারা গেছেন।”
এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, বলেন তিনি।
