১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

গেইলকে ছাড়িয়ে হেটমায়ারের রেকর্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের হয়ে দ্রুততম ফিফটির রেকর্ড গড়লেন এই বাঁহাতি ব‍্যাটসম‍্যান।

গেইলকে ছাড়িয়ে হেটমায়ারের রেকর্ড
ঝড়ো ব্যাটিংয়ে আসর শুরু শিমরন হেটমায়ারের। ছবি: আইসিসি

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2026, 04:16 PM

Updated : 26 Aug 2026, 02:53 PM

দশম ওভারে ক্রিজে গিয়ে রানের চাকায় দম দিলেন শিমরন হেটমায়ার। বিস্ফোরক ব‍্যাটিংয়ে বাঁহাতি এই ব‍্যাটসম‍্যান গড়লেন একটি রেকর্ড। ক্রিস গেইলকে পেছনে ফেলে, টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের হয়ে দ্রুততম ফিফটির রেকর্ড নিজের করে নিলেন তিনি। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম‍্যাচে হেটমায়ারের হাতে ধরা দিল এই অর্জন। স্কটল‍্যান্ডের বিপক্ষে ২২ বলে পঞ্চাশ স্পর্শ করলেন তিনি। ২০০৯ আসরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৩ বলে পঞ্চাশ ছুঁয়েছিলেন গেইল। 

ক‍্যারিবিয়ানদের আর কেউ টি-টোয়েন্টির বিশ্ব মঞ্চে ২৫ বা এর কম বলে পঞ্চাশ করতে পারেননি। এই টুর্নামেন্টে মাত্র ১২ বলে পঞ্চাশ ছুঁয়ে রেকর্ডটি সাবেক ভারতীয় অলরাউন্ডার ইউভরাজ সিংয়ের। 

কলকাতার ইডেন গার্ডেন্সে শনিবার ‘সি’ গ্রুপের ম‍্যাচে স্কটল‍্যান্ডের মুখোমুখি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ এই আসরে ভারতে খেলতে না যাওয়ায় সুযোগ পাওয়া স্কটল‍্যান্ড শুরুটা ভালোই করে। প্রথম ১০ ওভারে ২ উইকেট নিয়ে তারা দেয় কেবল ৬৬ রান।

মাঝ বিরতির পর শুরু হয় হেটমায়ারের ঝড়। মাইকেল লিস্ককে ছক্কা মারার পর মার্ক ওয়াটের ওভারে মারেন দুটি ছক্কা। সাফিয়ান শারিফের বলে ছক্কা ও চার মারার পর, অলিভার ডেভিডসনকে ওড়ান ছক্কায়।   

এই ছক্কাতেই পঞ্চাশ স্পর্শ করেন হেটমায়ার। ভাঙেন ১৭ বছর পুরনো রেকর্ড।

এরপর গতি একটু কমে যায় হেটমায়ারের। শেষ পর্যন্ত ১৯তম ওভারের শেষ বলে বিদায় নেওয়ার আগে ৩৬ বলে ছয় ছক্কা ও দুই চারে ৬৪ রান করেন ওই টপ অর্ডার ব‍্যাটসম‍্যান। তার রেকর্ড গড়ার দিনে পাঁচ উইকেটে ১৮২ রানের বড় সংগ্রহ গড়ে ওয়েস্ট ইন্ডিজ। এর মধ‍্যে ১১৬ রান আসে শেষ ১০ ওভারে।