Published : 11 Feb 2026, 09:07 PM
মিচেল মার্শের চোটে অস্ট্রেলিয়ার জার্সিতে আবার টি-টোয়েন্টি খেলার সম্ভাবনা জেগেছে স্টিভেন স্মিথের। অধিনায়কের বিকল্প হিসেবে ডাক পেয়েছেন এই তারকা ব্যাটসম্যান।
এই সপ্তাহের শুরুতে কুঁচকিতে চোট পান মার্শ। ফলে বুধবার আয়ারল্যান্ডের বিপক্ষে খেলতে পারেননি তিনি। তাকে ছাড়াই অবশ্য ম্যাচটি ৬৭ রানে জিতে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করেছে সাবেক চ্যাম্পিয়নরা।
মঙ্গলবার নির্ধারিত ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনেও আসেন মার্শ। তবে টসের মাত্র ১৫ মিনিট আগে খবর আসে, তিনি ম্যাচটি খেলতে পারবেন না।
অবশ্য শুধু এই ম্যাচ নয়। দ্রুত সময়ের মধ্যে তাকে পাওয়ার সম্ভাবনাও কম বলেই ধারণা করা যাচ্ছে। অন্তত ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) বিবৃতিতে তেমন আভাসই মিলেছে।
“সবসময় সে ব্যথা অনুভব করছে এবং নড়াচড়া করলেই অস্বস্তি বোধ করছে। স্ক্যানে ইন্টারনাল টেস্টিকুলারে রক্তক্ষরণ নিশ্চিত হওয়া গেছে এবং নির্দিষ্ট একটা সময় তার বিশ্রাম নিতে হবে এবং পুনর্বাসনের মধ্যে দিয়ে যেতে হবে।”
সেরে ওঠার পর এবং চিকিৎসকদের পরামর্শ মেনেই মার্শের খেলায় ফেরার ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছে সিএ।
মূলত মার্শের কাভার হিসেবেই ডেকে পাঠানো হয়েছে অভিজ্ঞ ব্যাটসম্যান স্মিথকে। তিনি শ্রীলঙ্কায় দলের সঙ্গে যোগ দিবেন। দ্বিতীয় ম্যাচে আগামী শুক্রবার কলম্বোয় জিম্বাবুয়ের মুখোমুখি হবে তারা।
মার্শকে হারিয়ে আসর শুরুর ম্যাচে ১২ জনের মধ্যে থেকে একাদশ সাজাতে হয় অস্ট্রেলিয়াকে। কারণ আনুষ্ঠানিকভাবে এখনও জশ হেইজেলউডের বিকল্প দলে যোগ হয়নি। আর বিগ ব্যাশে চোট পাওয়া টিম ডেভিড এখনও পুরোপুরি ফিট নন; জিম্বাবুয় ম্যাচ দিয়ে ফেরার সম্ভাবনা আছে তার।
দলের সঙ্গে রিজার্ভ হিসেবে অবশ্য আছেন শন অ্যাবট; কিন্তু আনুষ্ঠানিকভাবে তিনি স্কোয়াডের অংশ নন।
তাই দলে এসে একাদশে ঢুকে পড়ারও ভালো সম্ভাবনা আছে সবশেষ ২০২৪ সালের ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা স্মিথের।
এই সংস্করণে অবশ্য সাম্প্রতিক সময়েই খেলেছেন স্মিথ এবং দারুণ পারফর্মও করেছেন। সবশেষ বিগ ব্যাশে ছয় ইনিংসে ৫৯.৮০ গড়ে ২৯৯ রান করেছেন তিনি, ১৬৭.৯৭ স্ট্রাইক-রেটে।
এবারের বিশ্বকাপের আগে থেকেই চোট সমস্যায় ভুগছে অস্ট্রেলিয়া। অভিজ্ঞ পেসার প্যাট কামিন্স আগেই ছিটকে পড়েন। এরপর হেইজেলউডের খেলার সম্ভাবনাও শেষ হয়ে যায়। আর এখন সেই তালিকায় যোগ হওয়ার শঙ্কায় মিচেল মার্শ।