১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

টানা চার জয়ের পর আরও উঁচুতে নজর হোপের

ইতালির বিপক্ষে পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলে দলের জয়ে বড় অবদান রাখেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক।

টানা চার জয়ের পর আরও উঁচুতে নজর হোপের
ফিফটি স্পর্শ করার পর শেই হোপ। ছবি: আইসিসি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2026, 04:42 PM

Updated : 26 Aug 2026, 02:59 PM

সতীর্থদের ব্যর্থতার দিনে জ্বলে ওঠেন শেই হোপ। দুর্দান্ত এক ইনিংসে দলকে এনে দেন লড়াই করার মতো পুঁজি। এই পারফরম্যান্স তাকে এনে দেয় ম্যাচ সেরার পুরস্কার। যে স্বীকৃতি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এর আগে স্রেফ একবার পান তিনি।

ইতালির বিপক্ষে বৃহস্পতিবার চারটি ছক্কা ও ছয়টি চারে ৪৬ বলে ৭৫ রান করে হোপ। আন্তর্জাতিক টি-টোয়েন্টি এটি তার একাদশ ফিফটি।

২০১৭ সালে ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে এই সংস্করণে খেলা শুরু করেন হোপ। লম্বা সময় পরে ২০২৪ সালের নভেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে ফিফটি করে প্রথমবার ম্যাচ সেরার পুরস্কার জেতেন তিনি। এরপর এবার বিশ্ব মঞ্চে এসে জিতলেন দ্বিতীয়বার।

কলকাতায় ইতালির বিপক্ষে এদিন পাওয়ার প্লেতে দুই উইকেট হারিয়ে ফেলে ক্যারিবিয়ানরা। পরে রোস্টন চেইসকে নিয়ে ৬৪ রানের জুটি গড়েন হোপ। যুগলবন্দিতে ৪০ রানই আসে তার ব্যাট থেকে।

২৮ বলে ফিফটি করা হোপ বিদায় নেন ষোড়শ ওভারে। পরে শেরফেইন রাদারফোর্ড ও ম্যাথু ফোর্ড মিলে দলের রান দেড়শ পার করেন।

হোপের ইনিংসে ভর করে ৬ উইকেটে ১৬৫ রান করে ওয়েস্ট ইন্ডিজ। পরে ফোর্ড ও শামার জোসেফের চমৎকার বোলিংয়ে ইতালিকে ১২৩ রানে গুটিয়ে ৪২ রানের জয় তুলে নেয় দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

ইতালির রান তাড়ায় উইকেটের পেছনে গ্লাভস হাতে দুটি ক্যাচও ধরেন হোপ।

তার নেতৃত্বে গ্রুপ পর্বের সবগুলো ম্যাচই জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ সেরার পুরস্কার নিতে এসে হোপ বলেন, সামনেও এই ছন্দ ধরে রাখতে চান তারা।

“চার ম্যাচে চারটি জয়, একটি ভালো ফলাফল। আমাদের আবারও পরের ধাপে ওঠার লড়াই করতে হবে। তাই একটি দিন ধরে এগোতে চাই। দেখা যাক, পরের ধাপটা পার করতে পারি কিনা।”

সুপার এইটে ক্যারিবিয়ানদের প্রথম ম্যাচ আগামী সোমবার, ওয়াংখেড়েতে জিম্বাবুয়ের মুখোমুখি হবে তারা।