Published : 11 Feb 2026, 09:56 PM
চোট কাটিয়ে ফেরার ম্যাচটা ক্যারিয়ার সেরা বোলিংয়ে রাঙিয়েছেন ন্যাথান এলিস। দলের জয়ে অবদান রেখে ক্যারিয়ারে একটি প্রথমের স্বাদ পেয়েছেন অস্ট্রেলিয়ার এই পেসার।
কলম্বোতে বুধবার আয়ারল্যান্ডের বিপক্ষে ৬৭ রানের জয়ে স্রেফ ১২ রান দিয়ে চার উইকেট নেন এলিস। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার আগের সেরা বোলিং ছিল ২৮ রান খরচায় চার উইকেট।
এই পারফরম্যান্সে ম্যাচ-সেরার পুরস্কার জিতে নেন ৩১ বছর বয়সী এলিস। দেশের জার্সিতে ৩৩ ম্যাচের টি-টোয়েন্টির ক্যারিয়ারে এই প্রথম ‘ম্যান অব দা ম্যাচ’ হলেন তিনি।
বিগ ব্যাশে খেলার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান এলিস। যে কারণে হোবার্ট হারিকেন্সের শেষ কয়েকটি ম্যাচে খেলতে পারেননি তিনি। পাকিস্তান সিরিজেও ছিলেন মাঠে বাইরে।
বিশ্বকাপের এই ম্যাচ দিয়ে মাঠে ফেরেন এলিস। আয়ারল্যান্ডের রান তাড়ায় নিজের প্রথম বলেই দলকে সাফল্য এনে দেন তিনি। নিচু হয়ে যাওয়া বলে বোল্ড হন রস অ্যাডায়ার।
এক বল পর কার্টিস ক্যাম্পারকে বিদায় করে দেন এলিস। নিজের পরের ওভারে বেন কালিটজের স্টাম্প ভেঙে দেন তিনি।
সপ্তদশ ওভারে ব্যারি ম্যাককার্থিকে ফিরিয়ে আয়ারল্যান্ডের ইনিংস গুটিয়ে দেন এলিস। অস্ট্রেলিয়ার ১৮২ রান তাড়ায় ১১৫ রানে গুটিয়ে যায় আইরিশরা।
আগামী শুক্রবার জিম্বাবুয়ের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। পরদিন ওমানের বিপক্ষে লড়বে আয়ারল্যান্ড।