১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আভিশেকের পাশে কোহলি-রোহিতের অভাব দেখছেন কাইফ

ভারতের সাবেক ব্যাটসম্যানের মতে, অভিজ্ঞ এই দুই ক্রিকেটারের পরামর্শ দুঃসময় থেকে বের করে আনত আভিশেক শার্মাকে ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2026, 01:43 PM

Updated : 26 Aug 2026, 03:00 PM

অভিজ্ঞ ক্রিকেটাররা দলের বড় সম্পদ। টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দলে সেই ঘাটতি দেখছেন মোহাম্মাদ কাইফ। টানা তিন ম্যাচে শূন্য রানে ফেরা আভিশেক শার্মার পাশে ভিরাট কোহলি ও রোহিত শার্মার মতো ক্রিকেটারদের অভাব অনুভব করছেন তিনি। ভারতের সাবেক ব্যাটসম্যানের মতে, এই দুই গ্রেটের সংস্পর্শ বাঁহাতি ওপেনারকে দুঃসময় থেকে বের করে আনতে পারত।

টি-টোয়েন্টি বিশ্বকাপের অভিষেক আসরটা একদমই ভালো কাটছে না আভিশেকের। টুর্নামেন্টে নিজের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে গোল্ডেন ডাকের তেতো স্বাদ পান তিনি। পেটের সমস্যায় খেলতে পারেননি পরের ম্যাচ। পাকিস্তানের বিপক্ষে ফিরেও ভাগ্য বদলায়নি তার। আরেকবার ড্রেসিং রুমে ফেরেন রানের খাতা খোলার আগে। নেদারল্যান্ডসের বিপক্ষেও একই দশা, কোনো রানই করতে পারেনি। 

কঠিন এই সময় থেকে বেরিয়ে আসতে আভিশেকের জন্য নানা পরামর্শ শোনা যাচ্ছে ভারতের সাবেক ক্রিকেটারদের কাছ থেকে। তবে কাইফ অনুভব করছেন দলে কোহলি ও রোহিতের অভাব। 

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বলে দেন কোহলি ও রোহিত। নিজের ইউটিউব চ্যানেলে কাইফ বলেন, অভিজ্ঞ দুই ব্যাটসম্যান থাকলে ব্যর্থতার জাল দ্রুত ছিঁড়তে পারতেন আভিশেক।

“আভিশেকের বর্তমান ফর্মের কথা বললে, সে তিনটি ম্যাচে শূন্যতে ফিরেছে, এখনও রানের খাতা খুলতে পারেনি। এমন সময় ভিরাট কোহলি ও রোহিত শার্মার মতো ক্রিকেটারদের অনুপস্থিতি অনুভব হয়। ভিরাট যখন দলে ছিল, সে শুবমান গিলের সঙ্গে ব্যাটিং নিয়ে কথা বলত। তরুণ ক্রিকেটাররা রোহিত ও ভিরাটের সঙ্গে কথা বলছে, এমন দৃশ্য আমরা দেখেছি।” 

ভারতের হয়ে ১৩ টেস্ট ও ১২৫ ওয়ানডে খেলা কাইফের মতে, কোহলি ও রোহিতের বিকল্প এখনও খুঁজে পায়নি ভারত।

“ওই মানের ক্রিকেটাররা যখন দলে থাকে, তরুণরা অনেক উপকৃত হয়। আভিশেকের মানসিক অবস্থার কথা চিন্তা করলে, ভিরাট কোহলি ও রোহিত শার্মার মতো কেউ থাকলে তার উপকার হতো। ভিরাট পায়ের কাজ আর প্রান্ত বদল করার গুরুত্ব সম্পর্কে তাকে পরামর্শ দিত। ‘এই দুইজনকে বাদ দাও, তাদের বিকল্প পেয়ে গেছি’, এসব বলা সহজ। কিন্তু বাস্তবে তাদের বিকল্প খুঁজে পাইনি আমরা।”

“আভিশেকের এমন সময়ে ভিরাট ও রোহিতের দিকনির্দেশনা তার অনেক উপহার করত। এমন সব পরিস্থিতিতে অভিজ্ঞ ক্রিকেটাররা অনেক সহায়তা করেন।”

বিশ্বকাপের সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে রোববার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত। গত আসরের দুই ফাইনালিস্টের লড়াইটি হবে আহমেদাবাদে।