১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পাথিরানার জায়গায় শ্রীলঙ্কা দলে মাদুশাঙ্কা

১৯ মাস পর দেশের হয়ে টি-টোয়েন্টি খেলার সুযোগ এই পেসারের সামনে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2026, 09:24 PM

Updated : 26 Aug 2026, 02:58 PM

ভিক্রাম রাঠোর আভাস দেওয়ার কিছুক্ষণ পর আনুষ্ঠানিক ঘোষণা চলে এলো, টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন মাথিশা পাথিরানা। গতিময় এই পেসারের জায়গায় দিলশান মাদুশাঙ্কাকে দলে নিল শ্রীলঙ্কা। 

দেশের হয়ে তিন সংস্করণেই খেলেছেন মাদুশাঙ্কা। তবে গত অগাস্টের পর আন্তর্জাতিক ক্রিকেটে খেলা হয়নি ২৫ বছর বয়সী এই পেসারের। ২০২৪ সালের জুলাইয়ে দেশের হয়ে সবশেষ টি-টোয়েন্টি খেলেন তিনি। 

ইভেন্ট টেকনিক‍্যাল কমিটি পাথিরানার জায়গায় মাদুশাঙ্কার অন্তর্ভূক্তির অনুমোদন দিয়েছে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে গত সোমবারের ম্যাচে পায়ে চোট পান পাথিরানা। নিজের প্রথম ওভারের চতুর্থ ডেলিভারি করার পর, বাঁ পা চেপে ধরে মাটিতে বসে যান তিনি। কিছুক্ষণ পর মাঠ ছাড়েন এই ক্রিকেটার।

তখনই তাকে নিয়ে জাগে প্রবল শঙ্কা। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর, স্ক্যানে পাথিরানার পায়ের পেশিতে চিড় ধরা পড়েছে। যে সমস্যা থেকে সেরে উঠতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে।

টানা তিন ম্যাচ জিতে বিশ্বকাপের সুপার এইটে খেলা আগেই নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বৃহস্পতিবার জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে তারা।