Published : 10 Feb 2026, 09:09 PM
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই ন্যাথান এলিসকে পাচ্ছে অস্ট্রেলিয়া, নিশ্চিত করেছেন অধিনায়ক মিচেল মার্শ। তবে এখনই টিম ডেভিডকে খেলানোর কথা ভাবছে না সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।
২০ ওভারের দশম বিশ্বকাপে বুধবার আয়ারল্যান্ডের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। বাংলাদেশ সময় সাড়ে তিনটায় কলম্বোয় শুরু হবে ‘বি’ গ্রুপের ম্যাচটি।
বিগ ব্যাশে খেলার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান এলিস। তাতে অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে হোবার্ট হারিকেন্সের শেষ দিকের একাধিক ম্যাচে খেলতে পারেননি তিনি।
বিশ্বকাপের ঠিক আগে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশড হয় অস্ট্রেলিয়া। ওই সিরিজেও খেলেননি এলিস।
এবারের বিশ্বকাপে পেস আক্রমণের ‘বিগ থ্রি’কে পাচ্ছে না অস্ট্রেলিয়া। আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বলে দিয়েছেন মিচেল স্টার্ক। আর চোটের থাবায় টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন প্যাট কামিন্স ও জশ হেইজেলউড।
এক দশকের মধ্যে এবারই প্রথম সেরা তিন পেসারকে ছাড়া বিশ্বকাপ খেলবে অস্ট্রেলিয়া। তাদের অনুপস্থিতিতে দলের পেস বিভাগের নেতৃত্বভার পড়েছে এলিসের কাঁধে। সঙ্গী হিসেবে পাবেন তিনি জাভিয়ের বার্টলেট ও বেন ডোয়ার্শিসকে।
হোবার্ট হারিকেন্সে এলিসের সঙ্গে খেলেছিলেন ডেভিড। মিডল অর্ডার এই ব্যাটসম্যানও ওই টুর্নামেন্ট চলাকালে হ্যামস্ট্রিংয়ের সমস্যায় পড়েন। বক্সিং ডের পর আর কোনো ম্যাচ খেলেননি তিনি।
ডেভিডের অনুপস্থিতিতে আইরিশ ম্যাচে অস্ট্রেলিয়ার একাদশে জায়গা পেতে পারেন ম্যাট রেনশ। পাকিস্তান সিরিজে জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টিতে অভিষিক্ত বাঁহাতি মিডল অর্ডার ব্যাটসম্যানের সামনে এই সংস্করণের বিশ্বকাপে প্রথমবার খেলার হাতছানি।