১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপ ‘শেষ’ পাথিরানার

পায়ের পেশির চোটে ভুগছেন লঙ্কান এই পেসার।

বিশ্বকাপ ‘শেষ’ পাথিরানার
শ্রীলঙ্কান পেসার মাথিশা পাথিরানা। ছবি: শ্রীলঙ্কা ক্রিকেট ফেইসবুক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2026, 06:50 PM

Updated : 26 Aug 2026, 02:58 PM

শঙ্কাটা জেগেছিল আগেই। এবার সেটাই সত্যি হতে চলেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের বাকি অংশ থেকে শ্রীলঙ্কান পেসার মাথিশা পাথিরানার ছিটকে পড়া এখন একরকম নিশ্চিত।

২৩ বছর বয়সী পাথিরানার চোট যে গুরুতর, সেটা বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন লঙ্কানদের ব্যাটিং পরামর্শক ভিক্রাম রাঠোর।

“আমার মনে হয়, তাকে আসরের বাকি অংশের জন্য আনফিট ঘোষণা করা হয়েছে। যদি সে ছিটকে পড়ে, সেটা শিগগিরই জানানো হবে। আর বদলির ব্যাপারটি নিয়ে এখনও আলোচনা চলছে।”

অস্ট্রেলিয়ার বিপক্ষে গত সোমবারের ম্যাচে পায়ে চোট পান পাথিরানা। নিজের প্রথম ওভারের চতুর্থ ডেলিভারি করার পর, বাঁ পা চেপে ধরে মাটিতে বসে যান তিনি। কিছুক্ষণ পর মাঠ ছাড়েন এই ক্রিকেটার।

তখনই তাকে নিয়ে জাগে প্রবল শঙ্কা। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর, স্ক্যানে পাথিরানার পায়ের পেশিতে চিড় ধরা পড়েছে। যে সমস্যা থেকে সেরে উঠতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে।

আনুষ্ঠানিকভাবে পাথিরানার ছিটকে পড়ার কথা এখনও জানায়নি শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কার পেস আক্রমণে সবচেয়ে দ্রুতগতির বোলার পাথিরানা। দলের ডেথ ওভারে বোলিং পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ তিনি। ফলে পাথিরানা ছিটকে পড়লে শ্রীলঙ্কার জন্য তা হবে বড় ধাক্কা।

এর আগে লেগ স্পিনিং অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে হারিয়েছে লঙ্কানরা।

টানা তিন ম্যাচ জিতে বিশ্বকাপের সুপার এইটে খেলা আগেই নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বৃহস্পতিবার জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে তারা।