১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আম্পায়ারের নিদের্শ অমান্য করায় নাবির শাস্তি

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রুদ্ধশ্বাস উত্তেজনার ম্যাচে লুঙ্গি এনগিডির রিস্ট ব্যান্ড নিয়ে তর্কে জড়ান আফগানিস্তানের মোহাম্মাদ নাবি।

আম্পায়ারের নিদের্শ অমান্য করায় নাবির শাস্তি
এনগিডির রিস্ট ব্যান্ড নিয়ে আম্পায়ারের সঙ্গে কথা বলছেন নাবি। ছবি: আইসিসি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2026, 01:59 PM

Updated : 26 Aug 2026, 02:56 PM

দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তানের লড়াইয়ে ক্রিকেটীয় উত্তেজনার রসদ এত বেশি ছিল যে, অবিস্মরণীয় হয়ে থাকবে এই ম্যাচ। তবে ম্যাচ চলার সময় অন্য একটু উত্তেজনাও দেখা গিয়েছিল, যেখানে বিতর্কে জড়িয়েছিলেন মোহাম্মাদ নাবি। সেটির খেসারত দিতে হচ্ছে আফগানিস্তানের অভিজ্ঞ ক্রিকেটারকে।

ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয় নাবিকে। একই সঙ্গে তার নামের পাশে যোগ করা হয় একটি ডিমেরিট পয়েন্ট। 

সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়ম আচরণবিধির ২.৪ ধারা ভঙ্গের অভিযোগ আনা হয় নাবির বিরুদ্ধে, যেখানে উল্লেখ করা আছে, “আন্তর্জাতিক ম্যাচ চলার সময় আম্পায়ারের নির্দেম অমান্য করা।”

আহমেদাবাদে বুধবার আফগানিস্তানের রান তাড়ায় চতুর্দশ ওভার শুরুর আগের ঘটনা সেটি। নতুন স্পেলে বোলিং আসেন লুঙ্গি এনগিডি, যিনি বোলিং করছিলেন হাতে সাদা রিস্ট ব্যান্ড লাগিয়ে। ডানহাতি এই পেসারে বাঁ হাতে ছিল সাদা রিস্ট ব্যান্ড। তবে সাদা রিস্ট ব্যান্ডের কারণে সাদা বল দেখতে অসুবিধা হয় জানিয়ে এনগিডিকে রিস্ট ব্যান্ড খুলতে বলেন নাবি। দক্ষিণ আফ্রিকার এই পেসার তা করতে রাজি হননি।

এ সময় নাবিকে এগিয়ে গিয়ে কিছু বলতে দেখা যায়। দুই আম্পায়ার বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ ও ভারতের জায়ারামান মাদানগোপাল গিয়ে কিছু একটা বলেন নাবিকে। আম্পায়ারদের সঙ্গেও বেশ কিছুক্ষণ ধরে কথা বলেন ৪১ বছর বয়সী ক্রিকেটার। এক পর্যায়ে এগিয়ে যান এইডেন মার্করাম। দক্ষিণ আফ্রিকা অধিনায়কের সঙ্গেও কিছু বলতে দেখা যায় নাবিকে।

মাঠের দুই আম্পায়ারের সঙ্গে টিভি আম্পায়ার ও চতুর্থ আম্পায়ার মিলে আনুষ্ঠানিক অভিযোগ আনেন। নাবি মেনে নেন নিজের দায় ও ম্যাচ রেফারির দেওয়া শাস্তি। তাই শুনানির প্রয়োজন পড়েনি। 

মহানাটকীয় এই ম্যাচে মূল ম্যাচ ‘টাই’ হওয়ার পর সুপার ওভারও ‘টাই’ হয়। পরে দ্বিতীয় সুপার ওভারেও নাটকীয়তা জমিয়ে হেরে যায় আফগানিস্তান।

নাবিদের পরের ম্যাচ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সোমবার দিল্লিতে।