Published : 14 Feb 2026, 10:31 AM
নিজেদের দেশে ফ্লাডলাইটে খেলতে পারা তো এখনও স্বপ্নের মতো ব্যাপার। দেশের বাইরেও সেই সুযোগটি কমই মেলে নেদারল্যান্ডসের ক্রিকেটারদের। এমনকি বিশ্বকাপে গিয়ে অনুশীলন সেশনের সুযোগও মেলেনি কৃত্রিম আলোয়া। যুক্তরাষ্ট্রের কাছে বড় পরাজয়ের পর এই অনভ্যস্ততাকে একটি উল্লেখযোগ্য কারণ হিসেবে তুলে ধরলেন কোচ রায়ান কুক।
পাকিস্তানকে প্রথম ম্যাচে কাঁপিয়ে দিয়ে এবারের বিশ্বকাপ শুরু করে নেদারল্যান্ডস। সেদিন জয়ের খুব কাছে গিয়ে হতাশ হলেও পরের ম্যাচে নামিবিয়াকে উড়িয়ে দিয়ে আদায় করে নেয় প্রত্যাশিত জয়। যুক্তরাষ্ট্রের বিপক্ষেও জয় ছাড়া অন্য কিছু তাদের ভাবনায় ছিল না। কিন্তু হয়েছে উল্টো। সহযোগী দুই দলের লড়াই নেদারল্যান্ডস স্রেফ উড়ে গেছে শুক্রবার, যুক্তরাষ্ট ম্যাচ জিতে নিয়েছে ৯৩ রানে।
যুক্তরাষ্ট্রের বিপক্ষে সপ্তম আন্তর্জাতিক ম্যাচে ডাচদের প্রথম পরাজয় এটি।
এবারের বিশ্বকাপে নেদারল্যান্ডসের আগের দুটি ম্যাচই ছিল দিনের ম্যাচ। যুক্তরাষ্ট্রে বিপক্ষে ম্যাচটি ছিল রাতে। গত সেপ্টেম্বরের শুরুতে বাংলাদেশ সফর শেষে এই প্রথমবার ফ্লাডলাইটে খেলতে হলো তাদের। কোচ রায়ান কুক, যিনি বাংলাদেশের ফিল্ডিং কোচ ছিলেন একসময়, ম্যাচের পর বললেন, কৃত্রিম আলোয় অনভ্যস্ততায় খেই হারিেয়ছে তার দল। এটিকে যদিও অজুহতি হিসেবে দাঁড় করাতে চান না তিনি।
“এখনও পর্যন্ত (কৃত্রিম) আলোয় কোনো অনুশীলন সেশন করতে পারিনি আমরা। (সবশেষ সফরে) আমাদের অনুশীলন সেশন ও ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায় (বাংলাদেশ সফরে সিলেটে)। গতকালকে (বৃহস্পতিবার) আমাদেরকে কৃত্রিম আলোয় অনুশীলনের সুযোগ দেওয়া হয়নি। বাংলাদেশ সফরের পর এই প্রথম আমরা ফ্লাডলাইটে খেললাম। এই দলের অনেকে সেই সফরেও ছিল না।”
“আমাদের অনেকের জন্যই তাই ব্যাপারটি নতুন। তবে এটা কোনো অজুহাত নয়। যেমনই হোক, মাঠে নেমে নিজেদের কাজটি করতে হবে আমাদের। এই ধরনের আসরে আগেও তা করতে পেরেছে ছেলেরা। আজকের রাতটি আমাদের জন্য ছিল খুবই বাজে।”
ডাচদের বিপক্ষে গেছে টসের সিদ্ধান্তও। টস জিতে আগে বোলিং নেয় তারা। যুক্তরাষ্ট্র আগে ব্যাটিংয়ে নেমে তুলে ফেলে ১৯৬ রান। পরে শিশিরভেজা উইকেট ব্যাটিংয়ের জন্য সহজ হবে বলে ধারণা করা হলেও তা হয়নি। যুক্তরাষ্ট্রের বাঁহাতি স্পিনার হার্মিত সিং নিয়েছেন ৪ উইকেট, লেগ স্পিনার মোহাম্মাদ মহসিন ২টি।
কুক বললেন, এখানেও গড়বড় হয়েছে তাদের।
“আজকে রাতে এখানে শিশির পড়েনি। ওদের স্পিনাররা তা গ্রিপ পেয়ে খুব ভালোভাবে। কাজেই টস জিতে আমাদের কী করা উচিত, সেই সিদ্ধান্ত নিয়েও ভাবতে হবে আমাদের। তবে এটাও বলতে হবে, বল হাতে আমরা পরিকল্পনার বাস্তবায়ন ঠিকঠাক করত পারি। ব্যাপারটি স্রেফ এরকমই।”
পরের ম্যাচে ডাচদের অপেক্ষায় আরও কঠিন পরীক্ষা। আহমেদাবাদে ভারতের বিপক্ষে খেলবেন তারা আগামী বুধবার।