১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অলরাউন্ড নৈপুণ্যে বাটলার-পিটারসেনদের সঙ্গী জ্যাকস

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাঁচ ম্যাচের তিনটিতেই সেরার পুরস্কার জিতলেন উইল জ্যাকস।

অলরাউন্ড নৈপুণ্যে বাটলার-পিটারসেনদের সঙ্গী জ্যাকস
উইল জ্যাকস। ছবি: আইসিসি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2026, 09:21 PM

Updated : 26 Aug 2026, 03:00 PM

সাত নম্বরে নেমে ছোট তবে গুরুত্বপূর্ণ এক ইনিংস খেলেন উইল জ্যাকস। পরে অফ স্পিনে শ্রীলঙ্কার টপ ও মিডল অর্ডারে ছোবল দেন তিনি। অলরাউন্ডার পারফরম্যান্সে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে আরও একবার ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন ইংলিশ ক্রিকেটার। 

শ্রীলঙ্কার বিপক্ষে রোববার সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের ৫১ রানের জয়ে অবদান রাখেন জ্যাকস। চারটি চারে ১৪ বলে ২১ রান করেন তিনি। মন্থর উইকেটে ইংলিশদের ১৪৬ রানের পুঁজি গড়ার পথে যার ভূমিকা অনেক।

পরে স্রেফ ২২ রান খরচায় তিন শিকার ধরেন জ্যাকস। সঙ্গে বাকিদের দারুণ বোলিংয়ে লঙ্কানদের ৯৫ রানে গুটিয়ে দেয় ইংল্যান্ড।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাঁচ ম্যাচ খেলে তিনটিতেই সেরার পুরস্কার জিতলেন জ্যাকস। সব মিলিয়ে এই প্রতিযোগিতায় আট ম্যাচে এই তিনবারই ‘ম্যান অব দা ম্যাচের’ স্বীকৃতি পেলেন তিনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপে জ্যাকসের চেয়ে বেশিবার ম্যাচ সেরা হননি ইংল্যান্ডের কেউ। সবচেয়ে বেশি ৪০ ম্যাচ খেলে তিনবার সেরার স্বীকৃতি পেয়েছেন জস বাটলার, যিনি খেলছেন এবারও।

এছাড়া কেভিন পিটারসেন (১৫ ম্যাচ), আদিল রাশিদ (৩৫ ম্যাচ) ও লুক রাইটও (২২ ম্যাচ) তিনবার করে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন। তাদের পেছনে ফেলার সুযোগ আছে জ্যাকসের সামনে।

ম্যাচ সেরার পুরস্কার নিতে এসে জ্যাকস বললেন, উইকেটের আচরণ দেখে নিজের পুঁজি নিয়েই সন্তুষ্ট ছিলেন তারা। 

“আমরা উচ্ছ্বসিত ছিলাম। ১৪৫ রান করে ম্যাচের মাঝপথে আমরা খুশি ছিলাম, তবে জানতাম আমাদের ভালো বোলিং করতে হবে। জফ্রা (আর্চার) আমাদের ভালো শুরু এনে দিয়েছিল এবং আমরা নিয়মিত উইকেট নিতে পেরেছি।”

সুপার এইটে নিজের পরের ম্যাচে আগামী মঙ্গলবার পাকিস্তানের মুখোমুখি হবে ইংল্যান্ড।