১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আয়ারল্যান্ডের জন্য বড় ধাক্কা

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন আইরিশ অধিনায়ক পল স্টার্লিং।

আয়ারল্যান্ডের জন্য বড় ধাক্কা
বিশ্বকাপ শেষ পল স্টার্লিংয়ের। ছবি: ক্রিকেট আয়ারল্যান্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2026, 01:49 PM

Updated : 26 Aug 2026, 02:56 PM

একটি বল খেলেই যেভাবে খুঁড়িয়ে মাঠ ছেড়েছিলেন পল স্টার্লিং, শঙ্কার ছবিটা ফুটে উঠেছিল তখনই। সেটিই সত্যি হলো। স্টার্লিং আসলে বেরিয়ে গেলেন বিশ্বকাপ থেকেই। অধিনায়ককে এই বিশ্বকাপে আর পাবে না আয়ারল্যান্ড।

চোটের কারণে বিশ্বকাপ শেষ হয়ে গেছে স্টার্লিংয়ের। তার বদলে সুযোগ পেয়েছেন স্যাম টপিং। ইভেন্ট টেকনিক্যাল কমিটি এর মধ্যেই বদলির অনুমোদন দিয়েছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বুধবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ফিল্ডিংয়ের সময় চোট পান স্টার্লিং। ম্যাচের সপ্তম ওভারে জশ ইংলিসের ক্যাচ নিয়ে মাঠে পড়ে গিয়ে হাঁটুতে আঘাত পান তিনি। পরে আয়ারল্যান্ডের রান তাড়ায় বরাবরের মতোই ওপেনিংয়ে নামেন ৩৫ বছর বয়সী ক্রিকেটার। কিন্তু প্রথম বলে সিঙ্গল নিতে গিয়েই তার ভোগান্তি ছিল স্পষ্ট। খুঁড়িয়ে খুঁড়িয়ে রানটি নিয়েই ছেড়ে যান মাঠ তিনি।

তার চোট যে গুরুতর, সেদিনই ম্যাচ শেষে তুলে ধরেন ব্যাটিং কোচ গ্যারি উইলসন।

“খুব একটা ভালো মনে হচ্ছে না (স্টার্লিংয়ের চোটের অবস্থা)…। স্ক্যান করতে পাঠানো হয়েছে তাকে। রিপোর্ট আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে।”

সে ভেবেছিল যে ঠিকঠাক আছে, এজন্যই ব্যাটিংয়ে নেমেছিল। ভালো অনুভব না করলে তো আর ব্যাটিংয়ে নামত না। তার ভাবনায় ছিল মূলত পাওয়ার প্লে যতটা সম্ভব কাজে লাগানোর চেষ্টা। সিঙ্গল নেওয়ার চেষ্টা করছি। কিন্তু পরিষ্কারভাবেই বেশি জড়তা হাঁটুতে অনুভব করেছে সে।”

সেই স্ক্যানে যে ভালো কিছু ধরা পড়েনি, তা তো বলাই বাহুল্য। 

স্টার্লিংকে হারানো আয়ার‌ল্যান্ডের জন্য অপূরণীয় এক ক্ষতি। তিনি শুধু দলের অধিনায়কই নন, দেশের ইতিহাসের সফলতম ব্যাটসম্যান এবং তার পারফরম্যান্সের ওপর অনেক সময়ই নির্ভর করে দলের সাফল্য।

শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে হার দিয়ে শুরুর পর আইরিশদের পরের দুটি ম্যাচ ওমান ও জিম্বাবুয়ের বিপক্ষে, যাদের বিপক্ষে জয়ের আশায় মাঠে নামবে তারা। স্টার্লিং না থাকা মানে সেই সম্ভাবনায় বড় আঘাত।

বদলি হিসেবে ডাক পাওয়া টপিং এখনও আনকোরা। ২০ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান প্রথমবার ডাক পেলেন জাতীয় দলে। ঘরোয়া টি-টোয়েন্টির অভিজ্ঞতা তার স্রেফ ১২ ম্যাচের।