২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

এশিয়ান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে হারাতে 'প্রস্তুত' নামিবিয়া

বেশ ভালো প্রস্তুতি নিয়ে বিশ্বকাপে এসেছে নামিবিয়া, বললেন দলটির ব্যাটসম্যান স্টিভেন বার্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2022, 03:27 PM

Updated : 15 Oct 2022, 04:20 PM

একের পর এক দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে এশিয়া কাপের শিরোপা ঘরে তোলা শ্রীলঙ্কা টি-টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়ার প্রথম প্রতিপক্ষ। বৈশ্বিক আসরের শুরুতেই যে তাদের জন্য অপেক্ষা করছে কঠিন লড়াই, ভালো করেই জানা আফ্রিকার দলটির ব্যাটসম্যান স্টিভেন বার্ডের। তবে আত্মবিশ্বাসী কণ্ঠে বললেন, এশিয়ান চ্যাম্পিয়নদের হারাতে তৈরি তারা।

সবশেষ এশিয়া কাপে শ্রীলঙ্কার শুরুটা ছিল হতাশাময়। গ্রুপ পর্বে প্রথম ম্যাচে তারা আফগানিস্তানের কাছে পাত্তাই পায়নি। পরে অবশ্য দ্রুতই নিজেদের গুছিয়ে নেয় দলটি। বাংলাদেশের বিপক্ষে দুবাইয়ে রান তাড়ার রেকর্ড গড়ে জায়গা করে নেয় সুপার ফোরে।

সুপার ফোর পর্বে নিজেদের প্রথম ম্যাচে আফগানদের তারা হারায় শারজাহতে রান তাড়ার রেকর্ড গড়ে। এরপর ভারত ও পাকিস্তানকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় দাসুন শানাকার দল।

এশিয়ার মুকুট জেতার লড়াইয়ে লঙ্কানরা উড়িয়ে দেয় পাকিস্তানকে। ঘরে তোলে এশিয়া কাপের ষষ্ঠ শিরোপা।

দারুণ ছন্দে থাকা দলটির বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে নামিবিয়ার দ্বিতীয় বিশ্বকাপ অভিযান। গত বছর সংযুক্ত আরব আমিরাতের আসর দিয়ে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে দলটি। বৈশ্বিক আসরে অভিষেকেই তারা চমকে দেয় দারুণ সব পারফরম্যান্স উপহার দিয়ে।

প্রাথমিক পর্বে নেদারল্যান্ডসের পর নামিবিয়া হারিয়ে দেয় আয়ারল্যান্ডকে। জায়গা করে নেয় সুপার টুয়েলভে। যেখানে স্কটল্যান্ডকে হারায় তারা। দুই নম্বর গ্রুপে চতুর্থ স্থানে থেকে শেষ করে টুর্নামেন্ট। তাতে অস্ট্রেলিয়া আসরে সরাসরি জায়গা করে নেয় দলটি।

শ্রীলঙ্কা-নামিবিয়ার প্রাথমিক পর্বের ম্যাচ দিয়ে রোববার শুরু হচ্ছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ম্যাচের আগে দিন সংবাদ সম্মেলনে বার্ড বললেন, প্রস্তুত হয়েই বৈশ্বিক আসরে এসেছেন তারা।

“শ্রীলঙ্কা ভালো দল। মাত্রই এশিয়া কাপ জিতে তারা এখানে খেলতে এসেছে এবং এখন ভালো ক্রিকেট খেলছে। এমন দলের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করা হবে কঠিন। জানি, তারা চড়াও হওয়ার মানসিকতা নিয়ে আসবে, তবে আমরাও প্রস্তুত আছি।”

“আমরা অনেক অনুশীলন করেছি এবং গত ১২ মাসে আমাদের অনেক উন্নতি হয়েছে। আশা করি প্রস্তুতি আমাদেরকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে, যেখানে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারি এবং তাদেরকে (শ্রীলঙ্কা) আগামীকাল হারাতে পারি।”

গত আসরেও প্রাথমিক পর্বে একই গ্রুপে ছিল শ্রীলঙ্কা ও নামিবিয়া। দুই দলের ওই দেখায় নামিবিয়াকে উড়িয়ে দিয়েছিল লঙ্কানরা।