১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ডোপিংয়ের দায়ে ৪ বছর নিষিদ্ধ উইন্ডিজের ক্যাম্পবেল

গত এপ্রিলে রক্তের নমুনা দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন বাঁহাতি এই ব্যাটসম্যান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2022, 05:29 PM

Updated : 08 Oct 2022, 05:37 PM

ডোপ-বিরোধী বিধি ভাঙার দায়ে বড় শাস্তি পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান জন ক্যাম্পবেল। তাকে চার বছরের জন্য নিষিদ্ধ করেছে জ্যামাইকা অ্যান্টি-ডোপিং কমিশন (জেএডিসিও)।

সংস্থাটির এই সিদ্ধান্তের নথি দেখার দাবি করে রয়টার্স-এর প্রতিবেদনে বলা হয়েছে, তিন সদস্যের স্বাধীন একটি প্যানেল ১৮ পৃষ্ঠার সিদ্ধান্ত জানিয়ে শুক্রবার ক্যাম্পবেলকে নিষিদ্ধ করে। নমুনা দিতে অস্বীকৃতি বা ব্যর্থতার ধারায় অভিযোগ আনা হয়েছে ২৯ বছর বয়সী এই ব্যাটসম্যানের বিরুদ্ধে।

কিংস্টনে নিজের বাড়িতে গত এপ্রিলে রক্তের নমুনা দিতে অস্বীকৃতি জানানোয় ক্যাম্পবেলের বিরুদ্ধে অভিযোগ করেছিল জেএডিসিও।

সংস্থাটির আইনের একটি ধারা অনুযায়ী, শাস্তির মেয়াদ পিছিয়ে এই বছরের ১০ মে থেকে করা হয়েছে।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে এখন পর্যন্ত ২০ টেস্ট, ৬ ওয়ানডে ও ২ টি-টোয়েন্টি খেলেছেন ক্যাম্পবেল। সবশেষ তিনি জাতীয় দলের জার্সিতে খেলেছেন গত জুনে, বাংলাদেশের বিপক্ষে টেস্টে।