অস্ট্রেলিয়ার জার্সিতে আরও খেলতে চান ম্যাক্সওয়েল
দুই বছর পরের অলিম্পিকস ও টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না অস্ট্রেলিয়ান তারকা।
ওয়ানডে ক্রিকেটের পাঠ চুকিয়ে ফেলেছেন, টেস্ট ক্যারিয়ারও শেষ বলা যায়। অস্ট্রেলিয়ার হয়ে এখন কেবল টি-টোয়েন্টি খেলছেন গ্লেন ম্যাক্সওয়েল। বিশ্বকাপ ব্যর্থতার পর এই সংস্করণেও তার ভবিষ্যৎ নিয়ে উঠছে প্রশ্ন। তবে এখনই ইতি টানার ইচ্ছা নেই তারকা অলরাউন্ডারের। দেশের হয়ে আরও কয়েক বছর খেলতে চান তিনি।
২০২৮ সালের অলিম্পিকস ও টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না ম্যাক্সওয়েল। তবে ৩৭ বছর বয়সী ক্রিকেটার বললেন, সবকিছু নির্ভর করছে তার শরীরের সাড়া দেওয়ার ওপর।
দুই বছর পরের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে। বৈশ্বিক সেই টুর্নামেন্টের কয়েক মাস আগেই লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত হবে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞ অলিম্পিকস। সেখানে একশ বছরের বেশি সময় পর দেখা যাবে ক্রিকেট ইভেন্ট।
ততদিনে ম্যাক্সওয়েলের বয়স বেড়ে হবে ৪০ বছর। সেই সময়ে তার শরীর কেমন অনুভব করে, শীর্ষ পর্যায়ের ক্রিকেটে খেলতে প্রস্তুত কিনা তিনি, নির্ভর করবে এসব বিষয়।
ম্যাক্সওয়েল অবশ্য আগামী দুই বছরের পরিকল্পনা অনেকটা সাজিয়ে রেখেছেন। বিগ ব্যাশে খেলা চালিয়ে যেতে আগেই মেলবোর্ন স্টার্সের সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন তিনি। এবছর খেলবেন পাকিস্তান সুপার লিগ (পিএসএল), মেজর লিগ ক্রিকেটে (এমএলসি)। এছাড়া বছরের শেষ দিকে ইউরোপভিত্তিক নতুন টি-টোয়েন্টি লিগেও অংশ নেবেন, যেখানে একটি ফ্র্যাঞ্চাইজির মালিকানায় অংশীদার তিনি।
কিন্তু ম্যাক্সওয়েলের সাম্প্রতিক ফর্ম তো ভালো নয়। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া অস্ট্রেলিয়া হয়ে তিন ইনিংসে রান করেন কেবল ৯, ৩১ ও ২২। আসরে তার স্ট্রাইক রেট ছিল স্রেফ ১১০.৭১।
গত অক্টোবর থেকে এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ও বিগ ব্যাশ মিলিয়ে ১২ ইনিংসে ব্যাটিং করে তার গড় ১৫.৫৫ ও স্ট্রাইক রেট ১১৩.৮২, সর্বোচ্চ ইনিংস ৩৯ রানের মেলবোর্ন স্টার্সের হয়ে। ম্যাক্সওয়েলের মতো বিস্ফোরক ব্যাটসম্যানের নামের পাশে এমন পরিসংখ্যান বেমানান।
পড়তি ফর্মে থাকা ম্যাক্সওয়েলের অস্ট্রেলিয়া দলে ফেরার সম্ভাবনা দেখেন না অনেকে। অস্ট্রেলিয়ার ব্যাটিং গ্রেট ও দুটি বিশ্বকাপ জয়ী অধিনায়ক রিকি পন্টিং ২০২৮ বিশ্বকাপের দলে ম্যাক্সওয়েলকে দেখেন না তিনি।
সামনের খুব বেশি টি-টোয়েন্টিও নেই অস্ট্রেলিয়া। ২০২৭ সালের অগাস্ট পর্যন্ত স্রেফ ১২টি টি-টোয়েন্টি খেলবে তারা। তাই ক্রিকেট অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়ার সম্ভাবনা আছে ম্যাক্সওয়েলের।
ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা থাকলেও ম্যাক্সওয়েল শেষ বলতে চান না এখনই। মেলবোর্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, অস্ট্রেলিয়ার জার্সিতে আরও খেলতে চাওয়ার ইচ্ছার কথা।
“আমার মনে হয়, ভবিষ্যৎ নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত না নেওয়ার কারণ সম্ভবত পরবর্তী ১২ মাসে কী হয়, সেটার ওপর বেশি নির্ভর করেছে। সামনে (জাতীয় দলের) খুব বেশি টি-টোয়েন্টি ক্রিকেট নেই, তাই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার সম্ভবত প্রয়োজন নেই। স্রেফ দেখতে চাই আমার শরীর কেমন সাড়া দিচ্ছে, কেমন করছি আর যদি ভবিষ্যতে খেলার সুযোগ মেলে, তাহল আশা করি ফিট ও ছন্দে থাকব।”
২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও অলিম্পিকসে পর্যন্ত শরীর ফিট থাকবে কিনা, এমন প্রশ্নের জবাবে ম্যাক্সওয়েল বলেন, “ফিট ও ফর্মে থাকব কিনা? আশা করি। তবে হ্যাঁ, (অবসরের) এখনই কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করছি না।”
“আমার মনে হয়েছে, বিশ্বকাপে ক্রমেই আমি ভালো করেছি। উইকেট ও রান সংখ্যার চেয়ে মাঠে কেমন দৌড়াচ্ছি, শরীর কেমন অনুভব করছে, সম্ভবত সেটা দিয়ে নিজের বিচার করি। মনে হয়েছে, আগের চেয়ে সহজে ম্যাচগুলো পার করতে পারছি। নিজের ভূমিকাটা যথাসাধ্য পালন করছি এবং অনুভব হচ্ছে, এখনও অনেক কিছু দেওয়ার আছে আমার।”
