Published : 29 Jul 2025, 08:12 PM
আগামী আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের ডাগআউটে দেখা যাবে না চান্দ্রাকান্ত পাণ্ডিতকে। দলটির প্রধান কোচের দায়িত্ব ছেড়েছেন সাবেক ভারতীয় কিপার-ব্যাটসম্যান।
ভারতের ঘরোয়া ক্রিকেটের বেশ সফল কোচ চান্দ্রাকান্তকে ২০২২ সালের অগাস্টে দায়িত্ব দিয়েছিল কলকাতা। ব্রেন্ডন ম্যাককালামের স্থলাভিষিক্ত হয়ে দলটির প্রথম ভারতীয় প্রধান কোচ হন তিনি। তার কোচিংয়ে ২০২৪ সালে আইপিএলে চ্যাম্পিয়ন হয় কলকাতা।
তবে গত আইপিএলটা ভালো কাটেনি তিনবারের শিরোপা জয়ীদের। নতুন অধিনায়ক আজিঙ্কা রাহানের নেতৃত্বে ১৪ ম্যাচের স্রেফ পাঁচটিতে জিতে পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে থেকে আসর শেষ করে তারা।
ফ্র্যাঞ্চাইজিটি মঙ্গলবার এক বিবৃতিতে ৬৩ বছর বয়সী চান্দ্রাকান্তের দায়িত্ব ছাড়ার কথা জানায়।
“চান্দ্রাকান্ত পাণ্ডিত নতুন চ্যালেঞ্জ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং কলকাতা নাইট রাইডার্সের প্রধান কোচ হিসেবে আর কাজ করবেন না। আমরা তার অমূল্য অবদানের জন্য কৃতজ্ঞ- যার মধ্যে রয়েছে ২০২৪ সালে কেকেআরকে টাটা আইপিএল চ্যাম্পিয়নশিপ জয়ে সাহায্য করা এবং একটি শক্তিশালী ও মজবুত দল গঠনে সহায়তা করা। ভবিষ্যতের জন্য তাকে শুভকামনা জানাই আমরা।”
আইপিএল জয়ী দুই ভারতীয় প্রধান কোচের একজন চান্দ্রাকান্ত। অন্যজন আশিস নেহরা, সাবেক এই পেসারের কোচিংয়ে ২০২২ সালে শিরোপা জেতে গুজরাট টাইটান্স।
ভারতের হয়ে পাঁচ টেস্ট ও ৩৬ ওয়ানডে খেলা চান্দ্রাকান্তের কোচিংয়ে আইপিএলের তিন আসর মিলিয়ে ৪২ ম্যাচের মধ্যে কলকাতা জিতেছে ২২টিতে, হেরেছে ১৮টিতে, ফল হয়নি অন্য দুটির।