Published : 17 Sep 2026, 12:18 AM
জাতীয় দল যে কোনো ক্রিকেটারের জন্য স্বপ্নের ঠিকানা। সেই সীমানায় পা দিতে যাচ্ছেন নামান ধির। প্রথমবারের মতো ভারত দলে ডাক পেয়েছেন তিনি। টেস্টের পর এবার ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন আকিব নাবি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য বুধবার ঘোষিত দলে নামানকে রেখেছে ভারত। ক্যারিবিয়ানদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলও ঘোষণা করেছে তারা।
ঘরোয়া টি-টোয়েন্টির পারফরম্যান্স দিয়ে মূলত ৫০ ওভারের সংস্করণের দলে জায়গা করে নিয়েছেন নামান। গত রোববার শেষ হওয়া শের-ই-পাঞ্জাব টি-টোয়েন্টি লিগে দুর্দান্ত খেলেন তিনি। আম্রিতসার সুরমাসের হয়ে ১০ ম্যাচে ৬৫৫ রান করেন ২১৭.৬১ স্ট্রাইক রেটে। আসরে তার সর্বোচ্চ ইনিংস ১৭৩ রানের।
ফাইনালে লুধিয়ানা লায়ন্সকে ৮ উইকেটে হারিয়ে শিরোপা জেতে নামানের নেতৃত্বাধীন আম্রিতসার। ফাইনালে ২৯ রান করে দলের জয় সঙ্গে নিয়ে ফেরেন নামান।
আইপিএলে এখন পর্যন্ত তিনটি মৌসুমে খেলেছেন ২৬ বছর বয়সী নামান, সবগুলোই মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ৩৭ ম্যাচে তার রান ৭১০, স্ট্রাইক রেট ১৬৩.৯৭, ফিফটি তিনটি। সব মিলিয়ে স্বীকৃত টি-টোয়েন্টিতে ৬১ ম্যাচে তার রান পাঁচ ফিফটিতে এক হাজার ২২২। আর ১৪টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলে করেছেন চার ফিফটিতে ৩৫১।
জম্মু-কাশ্মিরের হয়ে ইতিহাস গড়ে গত অগাস্টে ভারতের টেস্ট দলে ডাক পান নাবি। কিন্তু দেশের জার্সিতে ম্যাচ খেলার সুযোগ এখনও মেলেনি এই পেসারের। এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের হাতছানি তার সামনে।
৪৪টি প্রথম শ্রেণির ম্যাচে ১৬৪ উইকেট নেওয়া নাবি লিস্ট ‘এ’ খেলেছেন ৩৬টি। এই সংস্করণে তার শিকার ৫৬টি। ম্যাচে চার উইকেট নিয়েছেন তিনবার। ওভারপ্রতি রান খরচ করেছেন পাঁচের একটু বেশি।
লম্বা সময় পর ওয়ানডে দলে ফিরেছেন রাভিন্দ্রা জাদেজা। গত জানুয়ারিতে সবশেষ এই সংস্করণে খেলেন অভিজ্ঞ স্পিনিং অলরাউন্ডার।
ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই সংস্করণের দলেই আছেন নিতিশ কুমার রেড্ডি। আর ওয়ানডে সিরিজের দলে রাখায়, এশিয়ান গেমসের দল থেকে এই পেস বোলিং অলরাউন্ডারকে সরিয়ে নেওয়া হয়েছে।
এখনও পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেননি অভিজ্ঞ পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। তাই জাতীয় দলে তার ফেরার অপেক্ষা বাড়ছে আরও।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কোনো সংস্করণের দলে নেই জাসপ্রিত বুমরাহ। হাঁটুর চোট কাটিয়ে চলমান আফগানিস্তান সিরিজ দিয়ে মাঠে ফিরেছেন তিনি। অভিজ্ঞ এই পেসার আছেন এশিয়ান গেমসের দলেও।
টি-টোয়েন্টি দলে ফেরানো হয়েছে দুই পেসার প্রিন্স ইয়াদাভ ও মায়াঙ্ক ইয়াদাভ। চলতি বছরের শুরুতে জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি দলে ছিলেন তারা দুজন।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু ২৭ সেপ্টেম্বর। পরের দুই ম্যাচ হবে ৩০ সেপ্টেম্বর ও ৩ অক্টোবর। আর পাঁচটি টি-টোয়েন্টি মাঠে গড়াবে ৬, ৯, ১১, ১৪ ও ১৭ অক্টোবর।
ভারতের ওয়ানডে দল: শুবমান গিল (অধিনায়ক), রোহিত শার্মা, ভিরাট কোহলি, রুতুরাজ গায়কোয়াড়, লোকেশ রাহুল, ধ্রুভ জুরেল, নিতিশ কুমার রেড্ডি, রাভিন্দ্রা জাদেজা, কুলদিপ ইয়াদাভ, প্রাসিধ কৃষ্ণা, গুরনুর ব্রার, মোহাম্মেদ সিরাজ, আকিব নাবি, ইয়াশাসভি জয়সওয়াল, নামান ধির
ভারতের টি-টোয়েন্টি দল: শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), আভিশেক শার্মা, বৈভাব সুরিয়াভানশি, সাঞ্জু স্যামসন, ইশান কিষান, তিলাক ভার্মা, শিভাম দুবে, কুলদিপ ইয়াদাভ, আকসার প্যাটেল, ওয়াশিংটন সুন্দার, রাভি বিষ্ণই, নিতিশ কুমার রেড্ডি, আর্শদিপ সিং, প্রিন্স ইয়াদাভ, মায়াঙ্ক ইয়াদাভ