২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

চট্টগ্রামকে উড়িয়ে বিপিএল চ‍্যাম্পিয়ন রাজশাহী

সংক্ষিপ্ত স্কোর: 

 

রাজশাহী ওয়ারিয়র্স: ২০ ওভারে ১৭৪/৪

 

চট্টগ্রাম রয়‍্যালস: ১৭.৫ ওভারে ১১১

23 Jan 2026, 09:59 PM

'রাজশাহীর' দ্বিতীয় শিরোপা

ভিন্ন ফ্র‍্যাঞ্চাইজি হলেও বিপিএলে দুটি শিরোপা জিতল রাজশাহী। একইভাবে ভিন্ন ফ্র‍্যাঞ্চাইজি হলেও তৃতীয়বার ফাইনালে হারল চট্টগ্রাম।

৬২ বলে ১০০ রানের ইনিংসে রাজশাহী ওয়ারিয়র্সকে লড়াইয়ের পুঁজি এনে দেন তানজিদ হাসান। আসরে এর আগে কেবল একটি পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলা বাঁহাতি ওপেনার যেন তার সেরাটা জমিয়ে রেখেছিলেন ফাইনালের জন‍্য। 

বোলিংয়ে বাকিটা সারেন বিনুরা ফার্নান্দো, হাসান মুরাদরা। কেবল ৯ রানে ৪ উইকেট নেন বিনুরা, দুইবার ধরেন জোড়া শিকার। ফাইনালের জন‍্য একাদশে ফেরা মুরাদ নেন ৩ উইকেট।

23 Jan 2026, 09:52 PM

৬৩ রানের অনায়াস জয়ে চ‍্যাম্পিয়ন রাজশাহী

রান তাড়ায় লড়াই জমাতেই পারল না চট্টগ্রাম র‍য়‍্যালস। তাদের উড়িয়ে দিয়ে বিপিএল শিরোপা জিতল রাজশাহী ওয়ারিয়র্স।

১৮তম ওভারে ১১১ রানে গুটিয়ে গেল চট্টগ্রামের ইনিংস। ফাইনালে ৬৩ রানে জিতল রাজশাহী।

আব্দুল গাফ্ফার সাকলাইনকে ছক্কায় ওড়ানোর চেষ্টায় তানজিদ হাসানের হাতে ধরা পড়েন মুকিদুল ইসলাম। সঙ্গে সঙ্গেই রাজশাহীর ডাগ আউটের সবাই ঢুকে পড়েন মাঠে। চলে শিরোপার উৎসব।

৬ বলে ১ রান করেন মুকিদুল। ১ বলে ১ রানে অপরাজিত থাকেন তানভির ইসলাম।

সংক্ষিপ্ত স্কোর:

রাজশাহী ওয়ারিয়র্স: ২০ ওভারে ১৭৪/৪ (সাহিবজাদা ৩০, তানজিদ ১০০, উইলিয়ামসন ২৪, নিশাম ৭*, শান্ত ১১; শরিফুল ৪-০-৩৩-২, মুকিদুল ৪-০-২০-২, তানভির ৩-০-১৭-০, মেহেদি ৪-০-৪৮-০, মির্জা ১-০-১৩-০, জামাল ৪-০-৪৩-০)

চট্টগ্রাম রয়‍্যালস: ১৭.৫ ওভারে ১১১ (মির্জা ৩৯, নাঈম ৯, জয় ০, নাওয়াজ ১১, জাহিদুজ্জামান ১১, মেহেদি ৪, আসিফ ২১, আমির ৮, শরিফুল ০, তানভির ১*, মুকিদুল ১ ; বিনুরা ৩-০-৯-৪, নিশাম ৪-০-২৪-২, তানজিম ৩-০-৩৭-০, সাকলাইন ৩.৫-০-২৪-১, মুরাদ ৪-০-১৫-৩)

23 Jan 2026, 09:43 PM

শিরোপার আরও কাছে রাজশাহী

পাওয়ার প্লেতে জোড়া শিকার ধরা বিনুরা ফার্নান্দো আক্রমণে ফিরে করলেন এর পুনরাবৃত্ত। একই ওভারে নিলেন আসিফ আলি ও শরিফুল ইসলামের উইকেট।

বিনুরাকে ছক্কায় ওড়ানোর চেষ্টায় কেন উইলিয়ামসনের হাতে ধরা পড়লেন আসিফ। ১৬ বলে দুই ছক্কা ও এক চারে ২১ রান করেন তিনি।

সেই ওভারেই ছক্কার চেষ্টায় এসএম মেহরবের হাতে ক‍্যাচ দেন শরিফুল ইসলাম। ৭ বল খেলেও তিনি রানের দেখা পাননি।

১৭ ওভারে চট্টগ্রাম রয়‍্যালসের রান ৯ উইকেটে ১১১। ক্রিজে তাদের শেষ জুটি।

23 Jan 2026, 09:32 PM

ছক্কার পর অক্কা জামাল

জেমস নিশামের প্রথম বল ছক্কায় ওড়ালেন আমির জামাল। পরের বলে লাইন মিস করে হলেন বোল্ড।

নিজের শেষ ওভারে উইকেট পেলেন নিউ জিল‍্যান্ডের অলরাউন্ডার। জয়ের পথে আরেকটু এগিয়ে গেল রাজশাহী ওয়ারিয়র্স।

৫ বলে এক ছক্কায় ৮ রান করেন জামাল।

১৫.৫ ওভারে চট্টগ্রামের রান ৭ উইকেটে ১০৯। ক্রিজে আসিফ আলির সঙ্গী শরিফুল ইসলাম।

23 Jan 2026, 09:24 PM

মির্জার প্রতিরোধ ভাঙলেন মুরাদ

অন‍্য প্রান্তে নিয়মিত সঙ্গীর পতনে অটল ছিলেন মির্জা বেগ। শেষ পর্যন্ত তার প্রতিরোধও ভাঙল। হাসান মুরাদের বলে স্টাম্পড হলে চট্টগ্রাম রয়‍্যালসের ওপেনার।

বাঁহাতি স্পিনারের বলে বেরিয়ে এসে খেলতে চেয়েছিলেন মির্জা। বলে-ব‍্যাটে করতে পারেননি তিনি। গ্লাভসে বল জমিয়ে বেলস ফেলে দেন মুশফিকুর রহিম।

৩৬ বলে এক ছক্কা ও দুই চারে ৩৯ রান করেন মির্জা।

১৪ ওভারে চট্টগ্রামের রান ৬ উইকেটে ৯২। ক্রিজে আসিফ আলির সঙ্গী আমির জামাল।

23 Jan 2026, 09:08 PM

পারলেন না মেহেদি

ফাইনালে বোলিংয়ে ছিলেন খরুচে। এবার ব‍্যাটিংয়েও তেমন কিছু করতে পারলেন না শেখ মেহেদি হাসান।

হাসান মুরাদের বলে বড় শটের আশায় তানজিম হাসানের হাতে ধরা পড়েন চট্টগ্রাম রয়‍্যালস অধিনায়ক। ৫ বল খেলে তিনি করেন ৪ রান।

১২ ওভারে চট্টগ্রামের রান ৫ উইকেটে ৭২। ক্রিজে মির্জা বেগের সঙ্গী আসিফ আলি। শেষ ৮ ওভারে দলটির প্রয়োজন আরও ১০৩ রান।

23 Jan 2026, 09:02 PM

টিকলেন না জাহিদুজ্জামান

বড় রান তাড়ায় নিয়মিত উইকেট হারাচ্ছে চট্টগ্রাম রয়‍্যালস। দশম ওভারে তারা হারিয়েছে জাহিদুজ্জামানের উইকেট।

জেমস নিশামের অফ স্টাম্পের অনেক বাইরের বল লেগে টেনে খেলার চেষ্টায় সফল হননি জাহিদুজ্জামান। সহজ ক‍্যাচ নেন এসএম মেহরব।

১৩ বলে ১১ রান করেন জাহিদুজ্জামান, ইনিংসে নেই কোনো বাউন্ডারি।

১০ ওভারে চট্টগ্রামের রান ৪ উইকেটে ৬৬। ক্রিজে মির্জা বেগের সঙ্গী শেখ মেহেদি হাসান।

23 Jan 2026, 08:40 PM

এসেই মুরাদের আঘাত

মোহাম্মদ রুবেলের জায়গায় একাদশে ফেরা হাসান মুরাদ আক্রমণে এলেন পাওয়ার প্লের শেষ ওভারে। বাঁহাতি স্পিনারকে ছক্কায় ওড়ানোর চেষ্টায় সীমানায় ধরা পড়লেন হাসান নাওয়াজ।

বড় রান তাড়ায় শুরুটা মোটেও ভালো হলো না সিলেট রয়‍্যালসের। পাওয়ার প্লেতে তারা হারাল তিন উইকেট।

নিজের জোনেও বল পেয়েছিলেন নাওয়াজ। কিন্তু টাইমিং করতে পারেননি তিনি। কিছুটা এগিয়ে এসে ক‍্যাচ নেন এসএম মেহরব।

৭ বলে একটি করে ছক্কা ও চারে ১১ রান করেন নাওয়াজ।

৬ ওভারে চট্টগ্রামের রান ৩ উইকেটে ৪১। ক্রিজে মির্জা বেগের সঙ্গী জাহিদুজ্জামান।

23 Jan 2026, 08:26 PM

বিনুরার জোড়া আঘাত

তৃতীয় ওভারে তিন বলের মধ‍্যে মোহাম্মদ নাঈম শেখ ও মাহমুদুল হাসান জয়কে ফিরিয়ে দিলেন বিনুরা ফার্নান্দো।

বলের লাইন মিস করে বোল্ড হয়ে যান ওপেনার নাঈম। ১০ বলে দুই চারে তিনি করেন ৯ রান।

এক বল পর ফ্লিক করে তানজিদ হাসানের হাতে ধরা পড়েন জয়। ২ বলে তিনি করেন শূন‍্য।

৩ ওভারে চট্টগ্রাম রয়‍্যালসের রান ২ উইকেটে ১৮। ক্রিজে মির্জা বেগের সঙ্গী হাসান নাওয়াজ।

23 Jan 2026, 07:58 PM

শেষ বলে শরিফুলের রেকর্ড

মন্থর ওভার রেটের জন‍্য ৩০ গজের মধ‍্যে একজন বাড়তি ফিল্ডার রাখতে হলো চট্টগ্রাম রয়‍্যালসের। সুযোগ কাজে লাগালেন নাজমুল হোসেন শান্ত।

প্রথম বল ডট খেলার পর মারলেন চার। পরের তিন বলে নিলেন তিনটি ডাবলস। শেষ বলে অবশ‍্য তাকে ফিরিয়ে নতুন উচ্চতা স্পর্শ করলেন শরিফুল ইসলাম। বিপিএলের এক আসরে সর্বোচ্চ উইকেট নিলেন বাঁহাতি এই পেসার।

বিপিএলের গত আসরে ২৫ উইকেট নিয়েছিলেন তাসকিন আহমেদ। শরিফুল নিলেন ২৬টি।

৭ বলে এক চারে ১১ রান করেন শান্ত। ৬ বলে ৭ রানে অপরাজিত থাকেন জেমস নিশাম।

তানজিদ হাসানের সেঞ্চুরিতে ৪ উইকেটে ১৭৪ রান করে রাজশাহী ওয়ারিয়র্স।

23 Jan 2026, 07:58 PM

সেঞ্চুরি ছুঁয়ে ফিরলেন তানজিদ

মুকিদুল ইসলামের ওভারে সিঙ্গল নিয়ে সেঞ্চুরি স্পর্শ করলেন তানজিদ হাসান, ৬১ বলে। টি-টোয়েন্টি ক্রিকেটে বাঁহাতি এই ওপেনারের তৃতীয় সেঞ্চুরি।

বিপিএলের ফাইনালেও হলো তিনটি সেঞ্চুরি।

মুকিদুলকে ছক্কায় ওড়াতে গিয়ে সহজ ক‍্যাচ দিয়েও বেঁচে গেলেন জেমস নিশাম। সীমানায় সহজ ক‍্যাচ নিতে পারলেন না মোহাম্মদ নাঈম শেখ।

পরের বলে আউট হলেন তানজিদ। সীমানায় ক‍্যাচ নিলেন আমির জামাল।

৬২ বলে ছয় চার ও সাত ছক্কায় তানজিদ করেন ১০০ রান। তার বিদায়ে ভাঙল ১৯ বল স্থায়ী ৩৩ রানের জুটি।

23 Jan 2026, 07:36 PM

উইলিয়ামসনকে ফিরিয়ে শরিফুলের ২৫

আগের বলে ছক্কা হজম করলেন শরিফুল ইসলাম। পরের বলে নিলেন মধুর প্রতিশোধ। বাঁহাতি পেসারকে ফের ছক্কায় ওড়ানোর চেষ্টায় মোহাম্মদ নাঈম শেখের হাতে ধরা পড়লেন কেন উইলিয়ামসন।

চলতি আসরে নিউ জিল‍্যান্ডের সাবেক এই অধিনায়ক শরিফুলের ২৫তম শিকার। বিপিএলের এক আসরে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্পর্শ করলেন তিনি। গত আসরে ২৫ উইকেট নিয়েছিলেন তাসকিন আহমেদ।

১৫ বলে এক ছক্কা ও দুই চারে ২৪ রান করেন উইলিয়ামসন। তার বিদায়ে ভাঙল ৩২ বল স্থায়ী ৪৭ রানের জুটি।

১৬ ওভারে রাজশাহী ওয়ারিয়র্সের রান ২ উইকেটে ১৩২। ক্রিজে তানজিদ হাসানের সঙ্গী জেমস নিশাম।

23 Jan 2026, 07:12 PM

তানজিদের ক‍্যাচ ছাড়লেন মুকিদুল

আগের ওভারে উইকেট পাওয়া মুকিদুল ইসলাম পরের ওভারে সীমানায় ছাড়লেন সহজ ক‍্যাচ। আমির জামালের বলে ফাইন লেগে মুঠোয় নিয়েও জমাতে পারেননি তিনি। এতে ভীষণ ক্ষিপ্ত হয়ে উঠেন পাকিস্তানী পেসার।

সে সময় ৫৪ রানে ছিলেন তানজিদ।

১২ ওভারে ১ উইকেটে রাজশাহী ওয়ারিয়র্সের রান ৯৬। ৩৬ বলে ৫৭ রানে ব‍্যাট করছেন তানজিদ। ৬ বলে কেন উইলিয়ামসনের রান ৮।

23 Jan 2026, 07:02 PM

শুরুর জুটি ভাঙলেন মুকিদুল

সাহিবজাদা ফারহানকে ফিরিয়ে রাজশাহী ওয়ারিয়র্সের শুরুর জুটি ভাঙলেন মুকিদুল ইসলাম।

অনেকটা সময় ক্রিজে থাকলেও সুবিধা করতে পারছিলেন না সাহিবজাদা। ছক্কায় চাপ সরিয়ে দিতে চেয়েছিলেন তিনি। কিন্তু সফল হননি, ক‍্যাচ যায় আমির জামালের হাতে। ভাঙে ৬২ বল স্থায়ী ৮৩ রানের জুটি।

৩০ বলে দুই চার ও এক ছক্কায় ৩০ রান করেন সাহিবজাদা।

১১ ওভারে রাজশাহীর রান ১ উইকেটে ৮৫। ক্রিজে তানজিদ হাসানের সঙ্গী কেন উইলিয়ামসন।

23 Jan 2026, 06:54 PM

৩১ বলে তানজিদের পঞ্চাশ

মাঝ পথে ভালো অবস্থানে আছে রাজশাহী ওয়ারিয়র্স। তানজিদ হাসানের বিস্ফোরক ব‍্যাটিংয়ে ১০ ওভারে বিনা উইকেটে ৮২ রান করেছে দলটি।

৩১ বলে পঞ্চাশ ছুঁয়েছেন তানজিদ হাসান। এই সময়ে তার ব‍্যাট থেকে এসেছে ছয়টি ছক্কা ও দুটি চার।

২৯ বলে সাহিবজাদা ফারহানের রান ৩০। তার ব‍্যাট থেকে এসেছে একটি ছক্কা ও দুটি চার।

23 Jan 2026, 06:35 PM

শুরুর জুটিতে রাজশাহীর পঞ্চাশ

পাওয়ার প্লে শেষ হতেই আক্রমণে এলেন শেখ মেহেদী হাসান। প্রথম ডট নিলেন তিনি, পরের বলে সিঙ্গেল নিলেন সাহিবজাদা ফারহান।

পরের দুটি বল ছক্কায় উড়িয়ে জুটি ও দলের রান পঞ্চাশ নিয়ে গেলেন তানজিদ হাসান।

৭ ওভারে রাজশাহীর রান বিনা উইকেটে ৫৩। ২২ বলে সাহিবজাদার রান ১৯। ২০ বলে তানজিদের রান ৩৪।

23 Jan 2026, 06:31 PM

পাওয়ার প্লেতে রাজশাহী ৪০/০

টস হেরে ব‍্যাট করতে নেমে পাওয়ার প্লেতে কোনো উইকেট হারায়নি রাজশাহী ওয়ারিয়র্স, তবে খুব বেশি রানও করতে পারেনি তারা।

প্রথম ৩ ওভারে ২০ রান করে রাজশাহী, পরের ৩ ওভারে যোগ করে আরও ২০ রান।

১৬ বলে দুটি করে ছক্কা ও চারে ২২ রানে খেলছেন তানজিদ। ২০ বলে দুই চারে সাহিবজাদা ফারহানের রান ১৮।

23 Jan 2026, 06:02 PM

রাজশাহী দলে এক পরিবর্তন

শিরোপা নির্ধারণী ম‍্যাচে একটি পরিবর্তন এনেছে রাজশাহী ওয়ারিয়র্স। মোহাম্মদ রুবেলের জায়গায় এসেছেন বাঁহাতি স্পিনার হাসান মুরাদ।

রাজশাহী দলে বিদেশি ক্রিকেটার চারজন- কেন উইলিয়ামসন, জেমস নিশাম, সাহিবজাদা ফারহান ও বিনুরা ফার্নান্দো।

রাজশাহী ওয়ারিয়র্স: সাহিবজাদা ফারহান, তানজিদ হাসান, কেন উইলিয়ামসন, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), এসএম মেহরব, জেমস নিশাম, তানজিম হাসান, বিনুরা ফার্নান্দো, হাসান মুরাদ।

23 Jan 2026, 05:44 PM

একই একাদশ নিয়ে চট্টগ্রাম

ফাইনালের জন‍্য একাদশে কোনো পরিবর্তন আনেনি চট্টগ্রাম রয়‍্যালস। একই একাদশ নিয়ে মাঠে নামছে বিসিবির পরিচালনায় এই আসরে খেলা দলটি। 

চট্টগ্রামের বিদেশি খেলোয়াড় চার জন- মির্জা বেগ, হাসান নাওয়াজ, আসিফ আলি ও আমির জামাল। 

চট্টগ্রাম রয়্যালস একাদশ: মির্জা বেগ, মোহাম্মদ নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, হাসান নাওয়াজ, আসিফ আলি, শেখ মেহেদি হাসান (অধিনায়ক), আমির জামাল, তানভির ইসলাম, জাহিদুজ্জামান সাগর (উইকেটরক্ষক), মুকিদুল ইসলাম মুগ্ধ, শরিফুল ইসলাম।

23 Jan 2026, 05:38 PM

টস জিতে ফিল্ডিংয়ে চট্টগ্রাম

বিপিএলের ফাইনালে টস ভাগ‍্যকে পাশে পেলেন চট্টগ্রাম রয়্যালস অধিনায়ক শেখ মেহেদি হাসান। রাজশাহী ওয়ারিয়র্সকে আগে ব‍্যাটিংয়ে পাঠালেন এই অলরাউন্ডার। 

23 Jan 2026, 05:33 PM

বিপিএলের শিরোপা নির্ধারণী ম‍্যাচে মুখোমুখি চট্টগ্রাম-রাজশাহী

হাজারো অসঙ্গতির বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর এখন চূড়ান্ত রোমাঞ্চের অপেক্ষায়। অনেক শঙ্কা নিয়ে মাঠে গড়ানো টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্স। 

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার শিরোপা নির্ধারণী ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়। 

টুর্নামেন্টের আগে একটি ফ্র্যাঞ্চাইজির মালিকানা ছেড়ে দেওয়া, মাঝপথে সূচি বদল, ক্রিকেটারদের আন্দোলনের মুখে একদিন খেলা বন্ধ- কত কিছুই না হয়েছে এবারের আসরে। 

 

টুর্নামেন্ট শুরুর আগে ট্রফি নিয়ে অধিনায়কদের ফটোসেশন হয়নি। ফাইনাল শুরুর কিছুক্ষণ আগে ট্রফি উন্মোচন। 

ফাইনাল ম্যাচ শুরুর ঠিক আগে ট্রফি উন্মোচনের মতো ক্রিকেট বিশ্বে বিরল। তবে বিপিএলে তো অসঙ্গতিগুলোই স্বাভাবিক! ২৫ হাজার ডলার মূল্যের ‘ডায়মন্ড স্টাডেড’ ট্রফি বিপিএল চলার সময়ই ঘটা করে উন্মোচন করার কথা ছিল। কিন্তু তা হয়নি।

হবে কীভাবে, বিসিবি কর্তাদের ঘুম হারাম তো বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিয়ে অনিশ্চয়তায়! দেশের ক্রিকেটই এখন টালমাটাল এই টানাপোড়েনে। এসবের মধ্যেও মাঠের ক্রিকেট চলছে নানা বিতর্ক, প্রশ্ন আর প্রাপ্তিকে সঙ্গী করে। সেই পথচলার চূড়ান্ত পরিণতির উপলক্ষ চলে এসেছে। 

হেলিকপ্টারে করে বিপিএলের ট্রফি নিয়ে এলেন সালমা ও আকবর