Published : 11 Sep 2025, 10:32 AM
বৃষ্টির কারণে দেরিতে শুরু হওয়া ম্যাচ নেমে এলো ৯ ওভারে। শেষ পর্যন্ত সম্ভব হলো না সেটিও। দুই দল মিলিয়ে খেলা হলো স্রেফ ১৩ ওভারের কাছাকাছি। তবে জয়-পরাজয় বের করে আনার জন্য যথেষ্ট হলো সেটুকুই। বৃষ্টিস্নাত লড়াইয়ে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ইংলিশদের বিপক্ষে প্রোটিয়াদের জয় ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ১৪ রানে।
কার্ডিফে বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় সাড়ে ৬টায় শুরু হওয়ার কথা ছিল ম্যাচ। বৃষ্টির কারণে খেলা শুরু হয় প্রায় আড়াই ঘণ্টা দেরিতে। ম্যাচ নেমে আসে ৯ ওভারে।
টস জিতে বোলিংয়ে নামা ইংলিশদের ভালো শুরু এনে দেন লুক উড। যদিও খেলার কথা ছিল জফ্রা আর্চারের। তবে শীতল আবহাওয়ায় সতর্কতার কারণে চোটপ্রবণ আর্চারকে না খেলিয়ে শেষ মুহূর্তে নেওয়া হয় উডকে। এই বাঁহাতি পেসার দ্রুত ফেরান রায়ান রিকেলটন (১) ও লুয়ান-ড্রে প্রিটোরিয়াসকে (০)।
তবে পাল্টা আক্রমণে দুটি করে চার ও ছক্কায় ১৪ বলে ২৮ রান করেন এইডেন মার্করাম। চারে নেমে ডেওয়াল্ড ব্রেভিস স্বভাবজাত ব্যাটিংয়ে করেন তিন ছক্কায় ১০ বলে ২৩। ট্রিস্টান স্টাবস আউট হয়ে যান ৬ বলে ১৩ করে।
ইংল্যান্ডের ‘দা হান্ড্রেড’ টুর্নামেন্টে এবার ছক্কার ঝড় তোলা ডনোভান ফেরেইরা সেই ফর্ম বয়ে আনেন জাতীয় দলেও। অপরাজিত থাকেন তিনি তিন ছক্কায় ১১ বলে ২৫ রান করে।
৭.৫ ওভারে যখন দক্ষিণ আফ্রিকার রান ৫ উইকেটে ৯৭, আবার বৃষ্টিতে বন্ধ হয় খেলা। প্রোটিয়াদের সেই সাত বল আর ব্যাটিং করা হয়নি। ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ইংল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ৫ ওভারে ৬৯।
লক্ষ্যটা এমনিতেই কঠিন ছিল ইংলিশদের জন্য। তা আরও কঠিন হয়ে যায় কাগিসো রাবাদার প্রথম বলেই ফিল সল্টের বিদায়ে।
আরেক ওপেনার জস বাটলার বিধ্বংসী শুরুর পর আউট হয়ে যান তিন ছক্কায় ১১ বলে ২৫ করে। একটি ছক্কা মেরেই বিদায় নেন জ্যাকব বেথেল। অধিনায়ক হ্যারি ব্রুক ফেরেন শূন্যতে।
টম ব্যান্টন ৫ বল খেলে করেন ৫ রান, এই ৫ ওভারের ম্যাচে যেটি ভোগায় দলকে। ১০ মাস পর জাতীয় দলে খেলতে নেমে তিন বলে ১০ রান করেন স্যাম কারান, তবে তা যথেষ্ট হয়নি দলের জন্য।
৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ইংল্যান্ড তুলতে পারে ৫৪ রান।
রাবাদা প্রথম বলে উইকেট নেওয়ার পর প্রোটিয়াদের হয়ে দুটি করে উইকেট নেন মার্কো ইয়ানসেন ও কর্বিন বশ।
সিরিজের পরের ম্যাচ ওল্ড ট্র্যাফোর্ডে শুক্রবার।