১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ক্যারিয়ার সেরা অবস্থানে শান্ত, ৮৪ ধাপ উন্নতি তানজিদের, ২৬ ধাপ হাসানের

ডারউইন টেস্টে ঐতিহাসিক জয়ের পর ব্যাটিং-বোলিং র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের বেশ কজনের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2026, 03:40 PM

Updated : 16 Sep 2026, 12:58 PM

৯ বছরের টেস্ট ক্যারিয়ার নাজমুল হোসেন শান্তর। ৪৩ ম্যাচে ৯ সেঞ্চুরি করে ফেলেছেন। অবশেষে আইসিসি র‌্যাঙ্কিংয়ে প্রথমবার শীর্ষ বিশে জায়গা করে নিতে পারলেন তিনি। ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ের ম্যাচে দারুণ পারফরম্যান্সের পর আইসিসি র‌্যাঙ্কিংয়ে অগ্রগতি হয়েছে বাংলাদেশের অধিনায়কসহ বেশ কজনেরই। 

উল্টো চিত্র অস্ট্রেলিয়ানদের। ডারউইনে দুই ইনিংসের ব্যর্থতায় ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারিয়েছেন ট্রাভিস হেড। এক ধাক্কায় তিনি এক থেকে নেমে গেছেন চারে।

ডারউইনে প্রথম ইনিংসে ৮৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন শান্ত। পরের ইনিংসে তাকে ব্যাটিংয়ে নামতে হয়নি। ৯ ধাপ এগিয়ে এখন তিনি আছেন ২০ নম্বরে। ৬৫৯ রেটিং পয়েন্টও তার ক্যারিয়ার সেরা। 

প্রথম ইনিংসে ৪৯ ও দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৩০ করে মুমিনুল হক এগিয়েছেন পাঁচ ধাপ। তিনি আছেন ৩১তম স্থানে। একমাত্র ইনিংসে শূন্য রানে ফিরে লিটন দাস নেমে গেছেন পাঁচ ধাপ (২৮তম)।

প্রথম ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরিতে জয়ের ভিত গড়ে দেওয়া তানজিদ হাসান এগিয়েছেন এক লাফে ৮৪ ধাপ। মাত্র দুই টেস্ট খেলা ব্যাটসম্যান আছেন ৮৮ নম্বরে। 

২০ ও অপরাজিত ২৫ রান করে সাদমান ইসলাম তিন ধাপ এগিয়ে আছেন ৫৮তম স্থানে। তার ঠিক পরই মেহেদী হাসান মিরাজ। ৬৫ রানের দারুণ লড়িয়ে ইনিংস খেলে তিনি এগিয়েছেন পাঁচ ধাপ। 

বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সেরা অবস্থান ধরে রেখেছেন মুশফিকুর রহিম। ২১ বছরের ক্যারিয়ারে প্রথমবার অস্ট্রেলিয়ায় টেস্ট খেলে একমাত্র ইনিংসে ৩৬ রানে আউট হন তিনি, ৩৯ বছর বয়সী ব্যাটসম্যান আছেন ১৮ নম্বরেই।

বোলিং র‌্যাঙ্কিংয়ে ২৬ ধাপ এগিয়েছেন হাসান মাহমুদ। ডারউইনে ৯ উইকেট নিয়ে বাংলাদেশের জয়ের নায়ক উঠে এসেছেন ৩৮তম স্থানে। ৫০৩ রেটিং পয়েন্ট তার ক্যারিয়ার সেরা।

দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট শিকারি মিরাজের উন্নতি তিন ধাপ। তার অবস্থান ২৪। তার স্পিন-সঙ্গী তাইজুল ইসলাম ম্যাচে মোটে একটি উইকেট পেলেও ধরে রেখেছেন ১১ নম্বর জায়গা। বোলিং র‌্যাঙ্কিংয়ে আপাতত বাংলাদেশের সেরা তিনিই। 

ম্যাচে তিন উইকেট নিয়ে তাসকিন আহমেদ এগিয়েছেন এক ধাপ (৪৯তম)। এই সিরিজে না থাকা নাহিদ রানা পিছিয়েছেন এক ধাপ (৬০তম)।

ব্যাটিং ও বোলিং র‌্যাঙ্কিংয়ে উন্নতি হলেও অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে তিন নম্বরেই আছেন মিরাজ। তার রেটিং পয়েন্ট অবশ্য বেড়ে হয়েছে ৩২০। তার সঙ্গে যৌথভাবে তিনে থাকা মিচেল স্টার্ক নেমে গেছেন চারে। 

৪৪৬ রেটিং পয়েন্ট নিয়ে অলরাউন্ডারদের শীর্ষেই আছেন রাভিন্দ্রা জাদেজা।