Published : 25 Nov 2024, 01:36 AM
সহযোগী সদস্য দেশগুলোর সব ম্যাচ আইসিসির আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার পর থেকে বিশ্ব ক্রিকেটে প্রায়ই দেখা মিলছে অদ্ভুত সব রেকর্ড। যার সবশেষটি এবার গড়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থার সবচেয়ে নবীন সদস্য কোত দি ভোয়া।
টি-টোয়েন্টি বিশ্বকাপে আফ্রিকা মহাদেশের উপ-আঞ্চলিক বাছাইয়ে রোববার নাইজেরিয়ার বিপক্ষে মাত্র ৭ রানে অলআউট হয়ে গেছে কোত দি ভোয়া। আন্তর্জাতিক তো বটেই, স্বীকৃত টি-টোয়েন্টিতেই এটি সর্বনিম্ন দলীয় স্কোর।
গত বছরের ফেব্রুয়ারিতে স্পেনের বিপক্ষে আইল অব মানের করা ১০ রান ছিল এত দিনের সর্বনিম্ন। এছাড়া চলতি বছরের সেপ্টেম্বরে সিঙ্গাপুরের বিপক্ষে মঙ্গোলিয়াও ১০ রানে গুটিয়ে গিয়েছিল।
চলতি উপ-আঞ্চলিক বাছাই দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু হয়েছে ২০২২ সালে আইসিসির সহযোগী সদস্য হিসেবে যুক্ত হওয়া কোত দি ভোয়ার। সিয়েরা লিয়নের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে তারা গুটিয়ে যায় ২১ রানে। ম্যাচ হারে ১৬৮ রানের ব্যবধানে।
এক দিন পর সোমবার নাইজেরিয়ার ২৭১ রানের জবাবে দুই অঙ্কও ছুঁতে পারেনি কোত দি ভোয়া। ২৬৪ রানের জয় পেয়েছে নাইজেরিয়া। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রানের হিসেবে এর চেয়ে বড় জয় আছে আর দুটি।
অনুমেয়ভাবেই ম্যাচ দুটিতে পরাজিত দল আইসিসির সহযোগী সদস্য দুটি দেশ। গত মাসে গাম্বিয়ার বিপক্ষে ২৯০ রানে জিতে এই রেকর্ডে সবার ওপরে জিম্বাবুয়ে। আর গত বছর মঙ্গোলিয়াকে ২৭৩ রানে হারিয়েছিল নেপাল।
নাইজেরিয়াকে আড়াইশ ছাড়ানো পুঁজি এনে দেওয়ার কারিগর সেলিম সালাউ। ১৩ চার ও ২ ছক্কায় মাত্র ৫৩ বলে ১১২ রান করেন ১৯ বছর বয়সী ব্যাটসম্যান। এছাড়া শেষ দিকে আইসেক ওকপি খেলেন ৩ চার ও ৬ ছক্কায় ২৩ বলে ৬৫ রানের ক্যামিও ইনিংস।
পরে কোত দি ভিয়ার হয়ে সর্বোচ্চ ৪ রান করেন ওপেনার ওয়াউত্তারা মোহামেদ। দলের ৬ ব্যাটসম্যান আউট হন রানের খাতা খোলার আগে।