Published : 12 Apr 2026, 12:39 PM
ট্রলির ওপর বেশ কটি ব্যাগ স্তুপ করে রাখা হয়েছে উঁচু দালানের মতো করে। সেটির আড়ালেই মুখ লুকানোর চেষ্টা করলেন মুস্তাফিজুর রহমান। বিমানবন্দরে ট্রলি ঠেলে বেরিয়ে আসার সময় ক্যামেরার সামনে এভাবেই মজা করলেন অভিজ্ঞ পেসার। মনটা তার ফুরফুরে থাকারই কথা। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বেশ ভালো বোলিং করেই যে ফিরলেন!
সেখানে অভিজ্ঞতা ততটা সুখকর হয়নি রিশাদ হোসেন ও তানজিদ হাসানের। পারভেজ হোসেন ইমনের অভিজ্ঞতা অম্ল-মধুর। তবে দেশে ফেরার পর হাসি দেখা গেল সবার মুখেই। পিএসএল থেকে বাংলাদেশের এই চার ক্রিকেটার দেশে ফিরেছেন রোববার। বাকি দুজন, শরিফুল ইসলাম ও নাহিদ রানা ফিরবেন পেশাওয়ার জালমির পরের ম্যাচটি খেলে।
এই ছয়জনের পাঁচজনই আছে নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের বাংলাদেশ দলে। তাদের অনাপত্তিপত্রের প্রথম দফার মেয়াদ আপাতত শেষ।
ওয়ানডে দলে না থাকা পারভেজের অনাপত্তিপত্র ছিল অবশ্য ২১ এপ্রিল পর্যন্ত। তবে সবশেষ ম্যাচে কাঁধের লিগামেন্টে চোট পেয়েছেন তিনি। তাকেও তাই ফিরে আসতে হয়েছে।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানালেন, অন্য দুজন ফিরবেন আর দুদিন পর।
“চারজন চলে এসেছে আজকেই। শরিফুল ও নাহিদ অনুরোধ করেছিল সময় একটু বাড়ানোর। ১৩ এপ্রিল জালমির একটি ম্যাচ আছে। ওই ম্যাচ খেলে ওরা ১৪ এপ্রিল দেশে ফিরে আসবে। ইমনের (পারভেজ) মেয়াদ ছিল, তবে চোটের কারণে ওকে ফিরিয়ে এনেছি আমরা।”
পারভেজ চোট পেয়েছেন কাঁধের লিগামেন্টে। তার পিএসএল দলের ফিজিও বিসিবিতে জানিয়েছেন, মাঠে ফিরতে তিন সপ্তাহের মতো সময় লাগতে পারে এই ব্যাটসম্যানের। তবে রোববারই তাকে পরীক্ষা করে দেখবেন বিসিবির ফিজিওরা। তার পরই বোঝা যাবে, নিউ জিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তার খেলা নিয়ে শঙ্কা কতটা।
অন্যরা যোগ দেবেন নিউ জিল্যান্ড সিরিজের প্রস্তুতিতে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বিশ্ব আঙিনায় বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিনিধি এখন মুস্তাফিজ। তবে পিএসএলে তিনি খেললেন এবার নিয়ে মাত্র দ্বিতীয়বার। লাহোর কালান্দার্সের হয়ে ২০১৮ আসরে পাঁচ ম্যাচে চার উইকেট নিয়েছিলেন ওভারপ্রতি ৬.৪৩ রান দিয়ে। এবার একই দলের হয়ে সমান ম্যাচ খেলে তার প্রাপ্তি ওভারপ্রতি ৭.১৭ রান দিয়ে ছয় উইকেট।
কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলের বড় ভরসা হবেন তিনি। সবশেষ সিরিজে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচে পাঁচ উইকেট নিয়েছিলেন ৩০ বছর বয়সী পেসার।
রিশাদ গত পিএসএলে দারুণ বোলিংয়ে নজর কেড়েছিলেন। এবার তার অভিজ্ঞতা হয়েছে উল্টো। গত আসরে সাত ম্যাচে ১৩ উইকেট শিকারি লেগ স্পিনার এবার চার ম্যাচে দুটি মোটে উইকেট নিতে পেরেছেন ভীষণ খরুচে ওভারপ্রতি ১১.০৭ রান) বোলিং করে।
শরিফুল-নাহিদের সঙ্গে পেশাওয়ার জালমিতেই ছিলেন তানজিদ। তবে দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগে প্রথম অভিযানে কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি বাঁহাতি ওপেনার।
কালান্দার্সের হয়ে প্রথম দুই ম্যাচে ১২ ও ১৪ রানে আউট হলেও তৃতীয় ম্যাচে পাঁচ ছক্কায় ১৯ বলে ৪৫ রানের ইনিংস খেলেন পারভেজ। তাকে আর এগোতে দিল না চোট।
জালমির হয়ে প্রথম দুই ম্যাচে উইকেট না পেলেও পরের দুই ম্যাচে দুটি উইকেট নিয়েছেন শরিফুল। নাহিদের শুরুটাও ছিল হতাশাজনক। প্রথম ম্যাচে তিন ওভারে রান দিয়েছিলেন ৩০। পরের দুই ম্যাচে আগুনে বোলিংয়ে শিকার করেছেন তিনি পাঁচ উইকেট।