Published : 08 May 2026, 07:22 PM
আইপিএলে নিয়মনীতি নিয়ে কঠোর হচ্ছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। আচরণবিধি, দলীয় শৃঙ্খলা ও নিরাপত্তা বিধিমালা সংক্রান্ত বিভিন্ন নিয়ম লঙ্ঘনের ঘটনায় ফ্র্যাঞ্চাইজিগুলোকে একটি সতর্কবার্তা দিয়েছে ভারতীয় বোর্ড।
ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর শুক্রবারের প্রতিবেদন অনুযায়ী, আইপিএলের ১০টি দলকে বৃহস্পতিবার পাঠানো সাত পৃষ্ঠার চিঠিতে বিসিসিআই বলেছে, উল্লিখিত লঙ্ঘনগুলো আইপিএল, ফ্র্যাঞ্চাইজি ও বোর্ড- সবার জন্যই ‘মারাত্মক সুনামহানির কারণ হতে পারে।’
বিসিসিআই সচিব দেবাজিৎ সাইকিয়ার স্বাক্ষরিত চিঠিতে কোনো নির্দিষ্ট ফ্র্যাঞ্চাইজি, খেলোয়াড় বা দলের কর্মকর্তার নাম উল্লেখ না করা হলেও, সেখানে সংঘটিত অসদাচরণ ও বিধিমালা লঙ্ঘনের ক্ষেত্রগুলো সুনির্দিষ্টভাবে তুলে ধরা হয়েছে। যার মধ্যে রয়েছে হোটেল কক্ষে অনুমতি ছাড়া দর্শনার্থীর প্রবেশ, ম্যাচ চলাকালীন সংরক্ষিত এলাকায় খেলোয়াড় ও দলের কর্মকর্তাদের সঙ্গে ফ্র্যাঞ্চাইজি মালিকদের ব্যক্তিগতভাবে আলাপচারিতা, ম্যাচ ভেন্যুতে ভ্যাপিং করা ও অনুমতি ছাড়া টিম হোটেল ত্যাগ করার মতো বিষয়গুলো।
ওই সতর্কবার্তার চিঠি হাতে পাওয়ার দাবি করেছে ইএসপিএনক্রিকইনফো। সেখানে সাইকিয়া তুলে ধরেন বিভিন্ন বিধিমালা লঙ্ঘনের ঘটনা তাদের জন্য ক্ষতির কারণ হতে পারে।
“বিসিসিআইয়ের নজরে এসেছে যে, চলতি আইপিএল মৌসুম চলাকালীন খেলোয়াড়, সাপোর্ট স্টাফ ও দলের কর্মকর্তারা জড়িত ঘটনায় কিছু অসদাচরণ ও বিধিমালা লঙ্ঘনের ব্যাপার ঘটেছে। এমন ঘটনাগুলো চলতে থাকলে, তা টুর্নামেন্ট, সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজি ও নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বিসিসিআইয়ের সুনামের মারাত্মক ক্ষতি করতে পারে। এছাড়াও, এগুলো ব্যক্তি ও ফ্র্যাঞ্চাইজিগুলোকে গুরুতর আইনি দায় ও নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলতে পারে।”
টিম ম্যানেজারের পূর্বানুমতি ছাড়া খেলোয়াড় ও সাপোর্ট স্টাফের সদস্যদের হোটেল কক্ষে অন্যদের প্রবেশ করতে দেওয়া, ম্যাচ চলাকালীন খেলোয়াড় ও দলের সদস্যদের সঙ্গে ফ্র্যাঞ্চাইজি মালিকদের যোগাযোগ করার চেষ্টার করা, ড্রেসিং রুমসহ মাঠে ভ্যাপিং করাসহ বেশ কিছু নিয়ম লঙ্ঘনের ঘটনা তুলে ধরে ফ্র্যাঞ্চাইজিদের বিভিন্ন নির্দেশনা দিয়েছে বিসিসিআই।
গত মাসে নিউ চান্ডিগাড়ে পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচের সময় ড্রেসিং রুমে ভ্যাপিং করার দায়ে জরিমানা করা হয় রাজস্থান রয়্যালসের অধিনায়ক রিয়ান পারাগকে।
নির্দেশনাগুলো অনুসরণ করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে আকস্মিক পরিদর্শন করা হবে বলেও ফ্র্যাঞ্চাইজিগুলোকে জানিয়ে দিয়েছে বিসিসিআই।
নির্দেশিকায় বলা হয়েছে, “বিসিসিআই ও আইপিএল গভর্নিং কাউন্সিল দ্ব্যর্থহীনভাবে স্পষ্ট করে দিতে চায় যে, উল্লিখিত নির্দেশনাবলীর যেকোনো লঙ্ঘন গুরুতর শৃঙ্খলাজনিত বিষয় হিসেবে গণ্য করা হবে।”
শাস্তির মধ্যে রয়েছে কারণ দর্শানোর নোটিশ জারি করা থেকে শুরু করে আর্থিক জরিমানা, চলমান বা এমনকি পরবর্তী মৌসুমগুলোতে আইপিএল থেকে সাময়িক নিষেধাজ্ঞা বা অযোগ্য ঘোষণা।