২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

আইপিএলে অবশেষে দল পেলেন সল্ট

জেসন রয়ের বদলি হিসেবে ফিল সল্টকে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।

আইপিএলে অবশেষে দল পেলেন সল্ট

এই নিয়ে দ্বিতীয়বার আইপিএলে খেলবেন ফিল সল্ট 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2024, 11:13 PM

Updated : 10 Mar 2024, 11:37 PM

২০২৪ আইপিএল নিলামে ফিল সল্ট অবিক্রিত থাকায় আলোচনা হয়েছিল অনেক। এ নিয়ে তিনি নিজেও হতাশা প্রকাশ করেছিলেন। ভারতের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টের আসছে আসরের জন্য অবশেষে দল পেলেন এই ইংলিশ ব্যাটসম্যান। জেসন রয়ের বদলি হিসেবে তাকে দলে টানল কলকাতা নাইট রাইডার্স।

ব্যক্তিগত কারণে আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ইংলিশ ব্যাটসম্যান রয়। তার জায়গায় সল্টকে নেওয়ার কথা রোববার বিবৃতি দিয়ে জানায় কলকাতা। ভিত্তি মূল্য দেড় কোটি রুপিতেই তাকে পেয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

২০২৩ সালে আইপিএল অভিষেক হয় সল্টের। সেবার দিল্লি ক্যাপিটালসের হয়ে ৯ ম্যাচে দুই ফিফটিতে ১৬৩.৯১ স্ট্রাইক রেটে ২১৮ রান করে সামর্থ্যের ছাপ রাখেন তিনি। ইংল্যান্ডের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে গত ডিসেম্বরে প্রথম তিনটি টি-টোয়েন্টিতে তার ব্যাট থেকে আসে ২০ বলে ৪০, ২৩ বলে ২৫ ও ৫৬ বলে অপরাজিত ১০৯ রানের ইনিংস।

দলকে জেতানো সল্টের ওই বিধ্বংসী সেঞ্চুরির দুই দিন পরই আইপিএল নিলাম অনুষ্ঠিত হয়। কিন্তু অবিক্রিত রয়ে যান তিনি। এর কয়েক ঘণ্টা পর তিনি ব্যাট হাতে জ্বলে ওঠেন আরও তীব্রভাবে। ক্যারিবিয়ানদের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতে ৫৭ বলে ১০ ছক্কা ও ৭ চারে ১১৯ রানের বিস্ফোরক ইনিংস খেলে ম্যাচের সেরা হন তিনি।

ওই ম্যাচে তার ৪৮ বলে সেঞ্চুরি এই সংস্করণে ইংল্যান্ডের হয়ে যৌথভাবে দ্রুততম। প্রথম ইংলিশ ব্যাটসম্যান হিসেবে এই সংস্করণে একাধিক সেঞ্চুরির কীর্তি গড়েন তিনি।

ঘরোয়া ও আন্তর্জাতিক মিলিয়ে এখন পর্যন্ত ২২১ টি-টোয়েন্টি ইনিংসে ২৫.৮৯ গড় ও ১৫৩.৪১ স্টাইক রেটে সল্টের রান ৫ হাজার ৩০৮। বিগ ব্যাশ, সিপিএল, পিএসএলসহ বিশ্বজুড়ে টি-টোয়েন্টিতে লিগগুলোতে খেলেছেন ২৭ বছর বয়সী এই কিপার-ব্যাটসম্যান।