Published : 27 May 2026, 11:17 PM
বৈভাব সুরিয়াভানশি ব্যাট হাতে ঝড় তোলা মানেই যেন রেকর্ড বইয়ে তোলপাড় পড়ে যাওয়া। আইপিএলের এলিমিনেটর ম্যাচে বিধ্বংসী ইনিংস খেলে ১৫ বছর বয়সী ভারতীয় ব্যাটসম্যান আবার নাম তুললেন রেকর্ড বইয়ের কয়েকটি পাতায়।
নিউ চান্ডিগাড়ে বুধবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ১২ ছক্কা ও পাঁচ চারে ২৯ বলে ৯৭ রান করেন সুরিয়াভানশি। রাজস্থান রয়্যালস ওপেনারের ৩৩৪.৪৮ স্ট্রাইক রেটের ইনিংসটি জন্ম দিয়েছে রেকর্ডের পর রেকর্ড।
ছক্কার রাজা
সুরিয়াভানশির ১২ ছক্কা আইপিএলে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে এক ইনিংসে সর্বোচ্চ। আগে থেকেই অবশ্য রেকর্ডটি তার। চলতি আসরে প্রাথমিক পর্বে এই হায়দরাবাদের বিপক্ষে ৩৭ বলে ১০৩ রানের ইনিংসেও ১২ ছক্কা মারেন তিনি।
এই তালিকায় দ্বিতীয় স্থানেও যৌথভাবে আছেন সুরিয়াভানশি। ২০১০ আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ১২৭ রানের ইনিংসে ১১ ছক্কা মারেন মুরালি ভিজায়। গত আসরে গুজরাট টাইটান্সের বিপক্ষে ১০১ রানের ইনিংসে সমান ১১ ছক্কা মারেন সুরিয়াভানশি।
আইপিএলের প্লে-অফে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডও এখন সুরিয়াভানশির। ২০২৩ আসরে দ্বিতীয় কোয়ালিফায়ারে গুজরাটের হয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে শুবমান গিলের ১০ ছক্কা ছিল আগের রেকর্ড।
আইপিএলে এক ইনিংসে ১০ বা এর বেশি ছক্কা মারলেন সুরিয়াভানশি মোট চারবার, ক্রিস গেইলের সঙ্গে যা যৌথভাবে সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ দুইবার করে আছে আভিশেক শার্মা ও ফিন অ্যালেনের।
সুরিয়াভানশিই প্রথম ক্রিকেটার, যিনি এক আসরে তিনবার পেলেন এই স্বাদ।
চলতি আসরে ১৫ ইনিংসে সুরিয়াভানশির ছক্কা হলো ৬৫টি। আইপিএলের এক আসরে কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ ছক্কা এটি। ২০১২ আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ১৪ ইনিংসে ৫৯ ছক্কা হাঁকিয়ে এতদিন রেকর্ডটির মালিক ছিলেন গেইল।
এ দিন পাওয়ার প্লেতে আটটি ছক্কা মারেন সুরিয়াভানশি। আইপিএলে ইনিংসের এই পর্যায়ে যা কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ। এই সময়ের মধ্যে সাতটি করে ছক্কা আছে পাঁচ জনের, সেখানেও আছেন সুরিয়াভানশি।
ঝড়ের বেগে পঞ্চাশ
১৬ বলে পঞ্চাশ পূর্ণ করেন সুরিয়াভানশি। আইপিএলের প্লে-অফে যৌথভাবে দ্রুততম ফিফটি এটি। ২০১৪ আসরে দ্বিতীয় কোয়ালিফায়ারে চেন্নাইয়ের হয়ে পাঞ্জাব কিংসের বিপক্ষে ১৬ বলে ফিফটি করেছিলেন সুরেশ রায়নাও।
আইপিএলে ২০ এর কম বলে সুরিয়াভানশির ফিফটি হলো পাঁচটি, যা কোনো ব্যাটসম্যানের দ্বিতীয় সর্বোচ্চ, যৌথভাবে নিকোলাস পুরানের সঙ্গে। ছয়বার সর্বোচ্চ এই স্বাদ পেয়েছেন আভিশেক শার্মা।
আইপিএলে এই নিয়ে পাঁচবার পাওয়ার প্লের মধ্যে পঞ্চাশ স্পর্শ করলেন সুরিয়াভানশি। এখানে তার ওপরে আছেন শুধু ডেভিড ওয়ার্নার, ছয়বার। ট্রাভিস হেডের আছে চারবার।
রানের চূড়ায়
চলতি আসরে ১৫ ইনিংসে ২৪২.৮৫ স্ট্রাইক রেটে সুরিয়াভানশির রান হলো ৬৮০। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার আগে আইপিএলের এক আসরে কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ রান এটি। ২০২৩ সালে ১৪ ইনিংসে ৬২৫ রান করে এতদিন রেকর্ডটি ছিল সুরিয়াভানশির এখনকার উদ্বোধনী জুটির সঙ্গী ইয়াশাসভি জয়সওয়ালের।
চলতি আসরে পাওয়ার প্লেতে সুরিয়াভানশি করলেন ৪৯০ রান। আইপিএলের এক আসরে এই পর্যায়ে কোনো ব্যাটসম্যানের যা সর্বোচ্চ। ২০১৬ আসরে ডেভিড ওয়ার্নারের ৪৬৭ রান ছিল আগের সর্বোচ্চ।
চোখধাঁধানো স্ট্রাইক রেট
কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্টে ২০০ বা এর বেশি স্ট্রাইক রেটে ৬০০ বা এর বেশি রান করা প্রথম ব্যাটসম্যান সুরিয়াভানশি। এখানে তার (২৪২.৮৫) পরে আছেন রাইলি রুশো, ২০২২ সালে ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টে ১৯২.২৮ স্ট্রাইক রেটে ৬২৩ রান করেছিলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান।
আইপিএলে কোনো ব্যাটসম্যানের ৯০ ছোঁয়া ইনিংসে সুরিয়াভানশির ৩৩৪.৪৮ স্ট্রাইক রেটই সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ছিল ২৮১.৮১, মঙ্গলবার প্রথম কোয়ালিফায়ারে রাজাত পাতিদারের ৩৩ বলে অপরাজিত ৯৩ রানের ইনিংসে।