১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশের বিপক্ষে বাদ পড়া ওয়েদেরল্ড পেলেন কাউন্টির চুক্তি

বাংলাদেশের বিপক্ষে ডারউইন টেস্টের ব্যর্থতার পর অস্ট্রেলিয়া দলে জায়গা হারানো ওপেনার চুক্তিবদ্ধ হলেন ওয়ারউইকশায়ারের সঙ্গে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2026, 10:05 AM

Updated : 11 Sep 2026, 03:52 PM

হতাশার আঁধারে একটু আলোর রেখা পেলেন জেইক ওয়েদেরল্ড। অস্ট্রেলিয়ার টেস্ট দল থেকে বাদ পড়া ওপেনার কাউন্টি চ্যাম্পিয়নশিপে পেলেন নতুন চুক্তি। আগামী বছরের অ্যাশেজের আগে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী এই আসরে তিনি খেলবেন ওয়ারউইকশায়ারের হয়ে।

গত অ্যাশেজ দিয়ে টেস্ট আঙিনায় পা রাখেন ওয়েদেরল্ড। প্রায় ১০ বছর প্রথম শ্রেণির ক্রিকেট খেলার পর টেস্ট ক্রিকেটে এসে প্রত্যাশা পূরণ করতে পারেননি বাঁহাতি ওপেনার। সিরিজের ১০ ইনিংসের সবকটি খেলে স্রেফ একটি ফিফটি আসে তার ব্যাট থেকে। 

তার পরও নতুন মৌসুমের শুরুতে তার ওপর আস্থা রেখেছিলেন নির্বাচকরা। কিন্তু বাংলাদেশের বিপক্ষে ডারউইন টেস্টে ২৩ ও ০ রানে আউট হওয়ার পর তাকে বাদ দেওয়া হয় ম্যাকাই টেস্টের স্কোয়াড থেকে। 

সহসাই তার দলে ফেরা কঠিন। তবে আগামী বছর ইংল্যান্ডে অ্যাশেজের দলে থাকার দাবি জানানোর মঞ্চ তিনি পেয়ে গেলেন কাউন্টির এই চুক্তিতে। 

চলতি কাউন্টি চ্যাম্পিয়নশিপে শুরুর দিকে লেস্টারশায়ারের হয়ে খেলেছেন ওয়েদেরল্ড। ৯ ইনিংসে ৪৩৭ রান করেন তিনি ৬০.৩৭ গড়ে। পরের মৌসুমে খেলা নিশ্চিত করতে পেরে তিনি উচ্ছ্বসিত। 

“২০২৭ মৌসুমের জন্য ওয়ারউইকশায়ারে যোগ দিতে পেরে আমি রোমাঞ্চিত। বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা একটি মাঠ এজবাস্টন (ওয়ারউইকশায়ারের ঘরের মাঠ) এবং এমন একটি মর্যাদাপূর্ণ কাউন্টির প্রতিনিধিত্ব করার সুযোগ আমি হাতছাড়া করতে পারতাম না।

এই বছর ইংল্যান্ডে খেলতে আমার ভালো লেগেছে, তাই অ্যাশেজের আগে বিয়ারদের (ওয়ারউইকশায়ার) সঙ্গে যোগ দেওয়ার সুযোগ পাওয়াটা সত্যিই রোমাঞ্চকর। ওয়ারউইকশায়ারের গৌরবময় ইতিহাস রয়েছে এবং দলটি প্রতিভায় পূর্ণ। মাঠের ভেতরে ও বাইরে উভয় ক্ষেত্রেই অবদান রাখার জন্য মুখিয়ে আছি আমি।”

ওয়ারউইকশায়ারের হয়ে এবারের কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলেছেন বাউ ওয়েবস্টারও। অস্ট্রেলিয়ান এই অলরাউন্ডারও ফিরতে পারেন আগামী মৌসুমে। 

ওয়েদেরল্ড ও ওয়েবস্টার জাতীয় দলের ডাকে ফিরে যাওয়ার পর ওয়ারউইকশায়ারের হয়ে খেলেছেন মানাভ সুতার। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শেষে আবার কাউন্টি দলটি যোগ দেবেন ভারতের এই বাঁহাতি স্পিনার। সঙ্গে খেলবেন নিউ জিল্যান্ডের ব্যাটসম্যান উইল ইয়াং।