আইপিএলের সময় পিএসএলে খেলবেন ম্যাক্সওয়েল
আইপিএলের নিলামে নাম না দেওয়া অস্ট্রেলিয়ান অলরাউন্ডারকে দলে নিয়েছে পিএসএলের নতুন ফ্র্যাঞ্চাইজি হায়দরাবাদ হিউস্টন কিংসম্যান।
আইপিএলের নিলামে নাম না দেওয়া গ্লেন ম্যাক্সওয়েল প্রথমবারের মতো পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার অপেক্ষায়। অস্ট্রেলিয়ান অলরাউন্ডারকে চুক্তিবদ্ধ করেছে হায়দরাবাদ হিউস্টন কিংসম্যান।
পিএসএলের একাদশ আসরের দুই নতুন ফ্র্যাঞ্চাইজির একটি হায়দরাবাদ বৃহস্পতিবার রাতে সামাজিক মাধ্যমে ম্যাক্সওয়েলকে দলে নেওয়ার ঘোষণা দেয়।
আইপিএলের নিয়মিত মুখ ম্যাক্সওয়েল গত আসরে ব্যাট হাতে ব্যর্থতার পর, চোটের কারণে সরে দাঁড়ান। আগামী আসরের নিলামের আগে তাকে ছেড়ে দেয় পাঞ্জাব কিংস। পরে নিলামে নাম দেননি তিনি।
এখন টি-টোয়েন্টি বিশকাপে খেলতে অস্ট্রেলিয়া দলের সঙ্গে আছেন ম্যাক্সওয়েল। প্রথম তিন ম্যাচের দুটিতে হেরে এরই মধ্যে গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে সাবেক চ্যাম্পিয়নদের।
ওই তিন ম্যাচে ব্যাট হাতে খুব একটা ভালো করতে পারেননি ম্যাক্সওয়েল। তার রান মোটে ৬২। দুই ইনিংসে হাত ঘুরিয়ে পাননি কোনো উইকেট।
স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত ৫০২ ম্যাচে ম্যাক্সওয়েল করেছেন ১০ হাজার ৯৮৬ রান। উইকেট নিয়েছেন ১৯৬টি।
আইপিএল শুরুর তিন দিন আগে, আগামী ২৩ মার্চ শুরু হবে পিএসএল।
