Published : 30 May 2025, 01:22 PM
বিসিবির একটি পূর্ব নির্ধারিত সভা ছিল শনিবার। কিন্তু নানা ঘটনাপ্রবাহে সেই সভা বাতিল হয়ে যায়। বরং নাটকীয় পালাবদলে সভা ডাকা হয়েছে শুক্রবার বিকেলে। দেশের ক্রিকেটের আগ্রহের কেন্দ্রে এখন এই সভা। পরিচালনা পর্ষদের এই সভায় নির্বাচিত হতে পারেন বিসিবির নতুন সভাপতি।
বিকেল সাড়ে চারটায় শুরু হওয়ার কথা এই সভা। নতুন সভাপতি হিসেবে আমিনুল ইসলাম বুলবুলের দায়িত্ব নেওয়া এখন বলা যায় কেবল সময়ের ব্যাপার।
বৃহস্পতিবার রাত ১১টায় সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিসিবি পরিচালক হিসেবে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। যে ধারায় এটি বাতিল করা হয়েছে, সেটি নিয়ে যদিও সংশয় ও প্রশ্নের অবকাশ আছে। তবে এটি আপাতত নিশ্চিত, ফারুকের জায়গাতেই এনএসসির পরিচালক পদে মনোনয়ন পাচ্ছেন আমিনুল।
এর আগে আরেকটি আনুষ্ঠানিকতাও সেরে নেওয়া হয়েছে। কাউন্সিলর হওয়ার বাধ্যবাধকতা ছিল আমিনুলের। এনএসসিই তাকে কাউন্সিলর করে নিয়ে বিসিবিকে চিঠি দেয়। বৃহস্পতিবার রাতে ভার্চুয়াল সভায় সেটির অনুমোদন দেন বিসিবি পরিচালকরা। এই সভায় এখনকার ৯ পরিচালকের সবাই ছিলেন।
তড়িঘড়ি করে এই অনলাইন সভা আয়োজন করাই বলে দেয় সম্ভাব্য ভবিষ্যৎ। আমিনুলের বিসিবি পরিচালক হওয়া ও সেই পথ ধরে সভাপতি হওয়ার পথে কোনো বাধা আর নেই। শুক্রবার বিকেলের সভা থেকে নতুন সভাপতি পেতে পারে বিসিবি।
বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, বোর্ড পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচন করা হয়।
আমিনুল বৃহস্পতিবারই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, বিসিবিতে যে কোনো দায়িত্ব নিতে তিনি প্রস্তুত। তবে লম্বা সময়ের জন্য নয়, আগামী বিসিবি নির্বাচন পর্যন্তই কেবল দায়িত্বে থাকতে চান তিনি। বিসিবির পরবর্তী নির্বাচন হতে হবে আগামী অক্টোবরের মধ্যে। আমিনুল তাই সভাপতির দায়িত্বে থাকবেন বড়জের মাস চারেক। এরপর আবার আইসিরি চাকরিতে ফিরে যেতে চান তিনি।
এনএসসির মনোনয়ন বাতিলের পর ফারুক আহমেদ জানিয়েছিলেন, তিনি পদত্যাগ করবেন না এবং আইনজীবীদের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেবেন তিনি। সেই পদক্ষেপের প্রক্রিয়ায় নতুন কোনো জটিলতা তৈরি হয় কি না, কৌতূহল থাকবে সেটি নিয়েও।
বাংলাদেশ জাতীয় দল এখন আছে পাকিস্তান সফরে। সিরিজে দ্বিতীয় টি-টোয়েন্টিতে শুক্রবার মাঠে নামবে দল। কিন্তু এই ম্যাচ বা সিরিজ এখন আড়ালে পড়ে গেছে মাঠের বাইরের নানা ঘটনাপ্রবাহে।